আত্মঘাতীতেই লিভারপুলের বাঁচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিভারপুলের হয়ে গোলের উল্লাস আলেকজান্ডার-আরনল্ডের। ছবি: এএফপি
লিভারপুলের হয়ে গোলের উল্লাস আলেকজান্ডার-আরনল্ডের। ছবি: এএফপি

লিভারপুলের সেই সুদিন আর নেই। একসময় ইউরোপের অন্যতম সেরা ক্লাব ছিল অলরেডরা। এখন চ্যাম্পিয়নস লিগে সরাসরি খেলার সৌভাগ্যও হয় না। ইয়ুর্গেন ক্লপের ছোঁয়ায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তারা। বাছাইপর্বে কাল হফেনহাইমের মাঠে ২-১ গোলের জয় পেয়েছে তারা। যদিও এই জয়ে আছে ভাগ্যের ছোঁয়া। দুবার ভাগ্যক্রমে বেঁচে গেছে লিভারপুল।

৩৫ মিনিটে ইংলিশ ফুলব্যাক আলেকজান্ডার আরনল্ডের গোলে এগিয়ে যায় লিভারপুল। বিরতির পর হফেনহাইম ডিফেন্ডার নর্দভেইতের আত্মঘাতী গোলের ব্যবধান দ্বিগুণ করে তারা। শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে মার্ক উথ হফেনহাইমের হয়ে গোল করলেও হার এড়ানোর জন্য তা যথেষ্ট হয়নি।
১১ মিনিটেই স্বাগতিকেরা পেনাল্টি মিস না করলে ম্যাচের ফল অন্য রকম হতে পারত। ইউরোপিয়ান আসরে এবারই প্রথম অভিষেকের সুযোগ পাওয়া হফেনহাইমের হয়ে পেনাল্টি মিস করেন আন্দ্রেস ক্রামারিচ। এরপর সেই আত্মঘাতী গোল। হফেনহাইম নিজেদের কপাল চাপড়াতেই পারে।
আর প্রতিপক্ষের মাঠে ২টি গোল হওয়ায় ফিরতি লেগের আগে চূড়ান্ত পর্বে এক পা দিয়ে ফেলার তৃপ্তি পাবে লিভারপুল।
কালকের ম্যাচেও খেলেননি কুতিনহো। বার্সেলোনা যাঁকে ভাগিয়ে আনার জন্য মরিয়া। চোটের কারণে কুতিনহোর এই অনুপস্থিতি বলে জানানো হয়েছে ক্লাবের কাছ থেকে। পেছনে অন্য কারণ থাকলেও থাকতে পারে। তবে কুতিনহো ছাড়া লিভারপুল যে কতটা অসহায়, কালকের ম্যাচের পর এ নিয়ে আর কারও সন্দেহ থাকার কথা নয়। কুতিনহোকে না ছাড়ার যুক্তি তাই আরও জোরালো হলো ক্লপের। সূত্র: এএফপি।