আত্মবিশ্বাস ফেরানো জয়

ঘরোয়া ফুটবলেও ডাগ-আউটে ততটা হাসি মুখে কখনো দেখা যায়নি কোচ মারুফুল হককে। একটু অন্তর্মুখী কোচের মুখে অল্প হলেও কাল হাসি ফোটাতে পেরেছেন ফুটবলাররা। ম্যাচ জয়ের পর মুখে এক টুকরো হাসি ফুটিয়েই সংবাদ সম্মেলনে এলেন মারুফুল।
জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ; মাত্রই প্রথম কাজটা শেষ। এবার ধাপে ধাপে এগোতে চান মারুফুল, ‘আমরা সর্বশেষ যে সাফ টুর্নামেন্টে খেলেছি, সেখানে অনেক প্রত্যাশা ছিল। কিন্তু আমরা ভালো করতে পারিনি। এখানে ভালো করার একটা তাড়না সব সময়ই খেলোয়াড়দের মধ্যে দেখেছি। আমার প্রথম লক্ষ্যই ছিল শ্রীলঙ্কার সঙ্গে জেতা। এরপর আমাদের লক্ষ্য সেমিফাইনাল।’
প্রথমার্ধে একক প্রাধান্য নিয়ে খেলেছে বাংলাদেশ। সেই দলটাই দ্বিতীয়ার্ধে ঢুকে গেছে খোলসে। এ অর্ধে চেনাই যায়নি বাংলাদেশকে। এ জন্য খেলোয়াড়দের মনোযোগে ঘাটতিকেই দায়ী করলেন কোচ, ‘এগিয়ে যাওয়ার পর আসলে আমরা আত্মতুষ্টিতে ভুগি। অল্পতেই তুষ্ট হয়ে যায় খেলোয়াড়েরা। এটা আমাদের জাতিগত সমস্যাই।’
দিন শেষে জিতেছে বাংলাদেশ। কিন্তু এই জয়েও আত্মতৃপ্ত হচ্ছেন না মারুফুল, ‘এই ম্যাচে ছেলেরা ছোট ছোট কিছু ভুল করেছে। তা থেকে শিক্ষা নিতে হবে। আজকের জয়ের পর মোটেও হাওয়ায় গা ভাসিয়ে দেওয়া যাবে না। জামাল ভূঁইয়া সামান্য একটা ভুল করেছে। ওই ভুলেই স্কোর ৩-২ হয়েছে। তবে ফুটবলে এটা হয়েই থাকে।’
সাফে ভুটানের সঙ্গে ম্যাচে জোড়া গোল করেছিলেন শাখাওয়াত রনি। কাল পরের ম্যাচটিতেও জোড়া গোল করে জয়ের নায়ক তিনি। তবে নিজের কয়টি গোল হলো, সেই হিসাবটি রাখতে যেন অনাগ্রহী এই স্ট্রাইকার। বঙ্গবন্ধু গোল্ড কাপের উদ্বোধনী ম্যাচে জয়ের পর যে রনির সঙ্গে কথা হলো, তিনি একেবারেই দল-অন্তঃপ্রাণ, ‘এই ম্যাচে জয় পাওয়ায় আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়েছে। এটি কাজে লাগিয়ে সামনের ম্যাচে আরও ভালো করতে চাই আমরা।’
এগিয়ে যাওয়ার পর আবারও গোল খাওয়ার প্রবণতা মানতে পারছেন না রনিও, ‘আমরা একপর্যায়ে মনোযোগ ধরে রাখতে পারি না বলেই ম্যাচে এমনটা ঘটে। বিদেশি কোচও এই সমস্যার সমাধান করতে পারেননি। আমার মনে হয় শুরুর দিকে বেশি পরিশ্রম করে খেলে সবাই, এ জন্যই হয়তো শেষ দিকে ক্লান্ত হয়ে পড়ি। ম্যাচে ছন্দপতন ঘটে।’
আন্তর্জাতিক ম্যাচের প্রথম হ্যাটট্রিকের দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি বলে অবশ্য কোনো কষ্ট নেই তাঁর, ‘আসলে গোলের সুযোগ পেলে তা কাজে লাগাতে চেষ্টা করি। আমার মাথায় কখনোই হ্যাটট্রিকের চিন্তা আসেনি। ভালো খেললে নিশ্চয়ই ভবিষ্যতে হ্যাটট্রিক পাব।’
হারের জন্য শ্রীলঙ্কান কোচ সামপাথ পেরেরা ক্লান্তিকেই দুষলেন, ‘আসলে সাফে খেলে ক্লান্ত ছিল ছেলেরা। এ জন্যই ম্যাচে হেরেছি। তারপরও ওরা ভালো খেলেছে। তবে বাংলাদেশ আজ যোগ্য দল হিসেবেই জিতেছে।’
শেষ পর্যন্ত ব্যবধানটা ৪-২, তবে ৮৬ মিনিট পর্যন্ত অতিথি দলটি ম্যাচে ছিল ভালোভাবেই। বাংলাদেশকে জিততে হয়েছে আসলে ঘাম ঝরিয়ে। শ্রীলঙ্কার অনূর্ধ্ব-২৩ দলটির সঙ্গে জয় পেতেই এমন গলদঘর্ম হলে সেমিফাইনালে ওঠার পথে না অন্য কেউ কাঁটা বিছিয়ে দেয়!