আত্মবিশ্বাসই শক্তি ফন গালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফন গাল।
ফন গাল।

লুই ফন গাল ঘুমহীন রাত কাটাবেন কেন? ইংলিশ প্রিমিয়ার লিগে তাঁর অভিষেক লগ্নের আগে তিনি যথেষ্টই আত্মবিশ্বাসী। তিনি নিশ্চিত, তিনি পারবেন, ম্যানচেস্টার ইউনাইটেডের হারানো গৌরব ফিরিয়ে দিতে!
বিশ্ব ফুটবলের সুপার ট্যাকটিশিয়ান হিসেবে পরিচিতি আছে তাঁর। বিশ্বকাপে হল্যান্ডকে প্রায় এনেই দিয়েছিলেন শিরোপা। সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে না গেলে ডাচ ফুটবলের নতুন যুগেরই নায়ক হতেন ফন গাল। সেই ফন গাল ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়ে প্রিমিয়ার লিগ নিয়ে উত্কণ্ঠায় থাকবেন, ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে গেলেও উত্কণ্ঠার ব্যাপারটি আসছে প্রথম ম্যাচের প্রতিপক্ষ সোয়ানসি সিটির কারণেই।
গত মৌসুমে ডেভিড ময়েসের অধীনে নিজেদের হারিয়ে খুঁজছিল ম্যানচেস্টার ইউনাইটেড। অন্ধকারাচ্ছন্ন গত মৌসুমে যে আটটি দল ওল্ড ট্র্যাফোর্ডে এসে ইউনাইটেডকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছিল সোয়ানসি তাদের অন্যতম। সে কারণেই এবার প্রথম ম্যাচেই সোয়ানসির মুখোমুখি হওয়া সমর্থকদের মনে উত্কণ্ঠার ছায়া ফেলে দিয়েছে। তবে ফন গাল আত্মবিশ্বাসী এবার আর গতবারের পুনরাবৃত্তি হবে না।
৬৩ বছর বয়সী ফন গালের ইউনাইটেড-অভিষেকটা প্রাক মৌসুমে দারুণই হয়েছে বলতে হবে। পাঁচ জয় আর এক ড্র—নতুন দিনের শুরুটা তাঁর হাতে হওয়ার সব প্রস্তুতিই সম্পন্ন। এখন কেবল মাঠের লড়াইটা শুরুর অপেক্ষা। গত মৌসুমে ইউনাইটেডের খেলায় যে ‘বাইট’টা অনুপস্থিত ছিল, এবার ফন গাল সেটা দলকে এনে দিতে পারবেন কি না, সেটাই দেখার বিষয়, তবে ৬৩ বছর বয়সী ডাচ কোচ আত্মবিশ্বাসী যে তিনি পারবেন, ফিরিয়ে দিতে ইউনাইটেডের গর্ব করা সময়, ‘আমি দারুণ আত্মবিশ্বাসী। আমি নার্ভাস হতে যাব কেন? আমাকে দেখে কি তা-ই মনে হয়?’

এই মৌসুমে ইউনাইটেডের খেলার স্টাইলটা আমূলেই বদলে যাবে। আর সেই বদলে যাওয়াটাই হবে নতুন দিনের ম্যানচেস্টার ইউনাইটেডের সাফল্যের অনুষঙ্গ। ব্যাপারটা সবাইকে মনে করে দিয়েছেন ফন গাল, ‘ইউনাইটেডের খেলার স্টাইলটা এবার বদলে যাবে। পরিবর্তনটা আশা করি ইউনাইটেড সমর্থকেরা ইতিবাচক হিসেবেই নেবেন। আশা করছি আমাদের নতুন ধরণ তাদের আনন্দও দেবে।’

মঙ্গলবার স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের দিনই নতুন মৌসুমে নতুন অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে ওয়েইন রুনির। ইংলিশ স্ট্রাইকারের ওপর ফন গালের ভরসাও ইঙ্গিত দিচ্ছে নতুন কিছুর। রুনি নিজের দায়িত্বে সফল হবে ন কিনা, সেটা অবশ্য সময়ই বলে দেবে। তবে আজকের ম্যাচে ইউনাইটেড পাচ্ছে না রবিন ফন পার্সিকে। বিশ্বকাপের সময় যে আঘাত বারবারই ফন পার্সিকে বিব্রত করেছে, সেই আঘাতের হাত থেকে তিনি রেহাই পাননি এখনো। এখনো ম্যাচ খেলার মতো ফিটনেস নেই তাঁর। পার্সির সঙ্গে লুক শ’, মিচেল ক্যারিক ও ড্যানি ওয়েলব্যাকও আজকের ম্যাচে মাঠে নামতে পারছেন না। কিন্তু ফন গাল এসব নিয়ে চিন্তাহীন। নিশ্চয়ই ভেবে রেখেছেন নতুন কোনো কৌশল। কৌশলের লড়াইয়ে তিনি এবার ইংলিশ প্রিমিয়ার লিগে ঝড় তুলতে পারেন কিনা সেই অপেক্ষাও কিন্তু এবারের মৌসুমের অন্যতম আকর্ষণ। এএফপি।