আত্মহারা মোহামেডানের 'চ্যাম্পিয়ন' উদ্যাপন

ম্যাচ শেষে গ্যালারি থেকে সাদা-কালো পতাকা নিয়ে মাঠে ঢুকে পড়লেন এক সমর্থক। মোহামেডানের কর্মকর্তাদের মধ্যে তখন বইছে আবেগের ফল্গুধারা। কেউ যেন আবেগ ধরে রাখতে পারছেন না।
দৃশ্যটা দেখে নব্বইয়ের দশকের মোহামেডানের সোনালি সময়ের কথা মনে করতে পারেন। মনে হতে পারে, এই বুঝি কোনো টুর্নামেন্ট বা লিগে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান! আসলে ঘটনা মোটেও তা নয়। প্রিমিয়ার লিগের দশম ম্যাচে এসে প্রথম জয় পেয়েছে একসময়ের ঐতিহ্যবাহী দলটি! আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে তৌহিদুল আলম সবুজের একমাত্র গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামালকে। অবনমনের শঙ্কায় থাকা দলটি যেন প্রাণ ফিরে পেয়েছে নতুন করে।
পুরো লিগে এ পর্যন্ত জয়হীন ছিল মোহামেডান। কোচ জসীমউদ্দিন জোসিকে তাই কদিন আগেই বরখাস্ত করে ক্লাব। সহকারী মিজানুর রহমান দলকে অনুশীলন করিয়েছেন। কিন্তু কাগজে-কলমে সহকারী কোচের হাতে দলের দায়িত্ব থাকলেও পেছনে থেকে সব নিয়ন্ত্রণ করেছেন ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামেও ডাগআউটে দেখা গেছে ‘কোচের’ ভূমিকায়। দলের একাদশে কে খেলবেন, কাকে বদলি হিসেবে নামানো হবে—সবকিছুই তিনিই সিদ্ধান্ত দিয়েছেন। দলের প্রথম জয়ের পর তাই এক দল সমর্থককে বাবুর নামে জয়ধ্বনিও দিতে দেখা গেল।
এমন একটি জয় তুলে নিয়ে ভীষণ উচ্ছ্বসিত গোলদাতা সবুজ, ‘আমাদের কোচ নেই। প্রতিটি ফুটবলারের মধ্যে জিদ ছিল, যেভাবেই হোক এই ম্যাচ জিততেই হবে আমাদের। ড্র করলেও হবে না। সিলেট পর্বের পর লিগের বিরতির সময় আমরা যে কদিন সময় পেয়েছি, সবাই অনুশীলনে শতভাগ উজাড় করে দিয়েছি। সবার পরিশ্রমেই আজ এই জয় পেয়েছি আমরা।’ চ্যাম্পিয়ন শেখ জামালকে লিগে প্রথম হারিয়ে এবার ঘুরে দাঁড়ানোর আশায় সবুজ, ‘শেখ জামাল বা আবাহনী যে দলই হোক না কেন, আমাদের লক্ষ্যই ছিল জয়। এখান থেকেই আমরা লিগে ঘুরে দাঁড়াতে চাই। দ্বিতীয় পর্বে সবাই অন্য রকম মোহামেডানকেই দেখবে।’