আদর্শ এখন আইসল্যান্ড
২০১৬ বছরটিকে ফুটবলের ‘সিন্ডারেলা’ বছর ঘোষণা করে দিতেই পারে উয়েফা। পুরো বিশ্বকে চমকে দিয়ে লেস্টার সিটির ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের দেড় মাস পর ‘জন্ম’ হলো আরেক সিন্ডারেলার। এবার ইউরোতে রূপকথা লিখল ছোট্ট আইসল্যান্ড।
সোমবার ইংল্যান্ডকে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে আইসল্যান্ড। গ্যারি লিনেকারের ভাষায়, যে দেশে পেশাদার ফুটবলারের চেয়ে আগ্নেয়গিরির সংখ্যা বেশি সেই আইসল্যান্ড! প্রথমবার ইউরো খেলতে এসেই রূপকথা। অথচ ছক পাল্টে ১৬ থেকে ২৪ দলের প্রতিযোগিতা না হলে এবারের ইউরোতেও হয়তো দর্শক হয়ে থাকতে হতো তাদের। কোয়ার্টার ফাইনালে ওঠা আরেক নবীন দল ওয়েলসের ক্ষেত্রেও কথাটি সত্য।
উয়েফার অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক থিওদোর থিওদোরিদিস এ দুই দলের সাফল্যকে দেখছেন সম্প্রসারিত ইউরোর সেরা বিজ্ঞাপন হিসেবে, ‘এটাই আদর্শ। এ রকম একটি বা দুটি ‘সিন্ডারেলা স্টোরি’ ফুটবলের জন্য ভালো। সম্প্রসারণের (২৪ দলের প্রতিযোগিতা) সিদ্ধান্তে এই ইতিবাচক গল্প ব্যবহার করব আমরা। সব সময় যদি আটটি দল খেলে, সেটি একঘেয়ে হয়ে যায়। এখন আরও আটটি দল পাচ্ছেন যারা উন্নতি করছে। প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে, সেটাই মানুষকে স্বপ্ন দেখার সাহস দিচ্ছে।’
থিওদোরিদিসের চোখে আইসল্যান্ডের এ উন্নতি অবশ্য অপ্রত্যাশিত নয়, ‘আপনি এ রকম কিছু আশা করতেই পারেন। ইংল্যান্ডের হারটা হয়তো ভাবা যায়নি কিন্তু ওরা যে প্রতিদ্বন্দ্বিতা করবে সেটা বোঝা যাচ্ছিল।’
এখন প্রশ্ন উঠেছে এই সাফল্য দেখে ভবিষ্যতে দলের সংখ্যা আরও বাড়বে কি না। থিওদোরিদিস জানিয়েছেন, তাঁদের পরবর্তী পরিকল্পনায় ভাবনাটা ভালোভাবেই আছে, ‘এই প্রতিযোগিতার আগে বলতাম ৩২ দল একটু বেশি হয়ে যায়। কিন্তু এখন আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি। মূল প্রতিযোগিতা ভালোই হবে। কিন্তু ৫৫টি দেশ থেকে আপনি কীভাবে বাছাই করবেন, আমাদের সবকিছু ভেবে দেখতে হবে।’ রয়টার্স।