কর ফাঁকি-সংক্রান্ত মামলা থেকে পার পেলেন না লিওনেল মেসি। কাল স্প্যানিশ আদালত জানিয়ে দিয়েছেন, মেসিকে আদালতের সামনে দাঁড়াতেই হবে। তার মানে আরও বেশ কিছুদিন আইনি ঝামেলা পোহাতে হবে বার্সেলোনা ফরোয়ার্ডকে।
অভিযোগটা আসলে ছিল মেসির বাবা হোর্হে মেসির বিরুদ্ধে। আদালতের অভিযোগ, ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত প্রায় ৪০ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছে মেসির বাবার কোম্পানি। এবং সেটা বাঙ্কো সাবাডেল, ডানোন, অ্যাডিডাস, পেপসি-কোলা, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল ও কুয়েত ফুড কোম্পানির মতো বাণিজ্যিক প্রতিষ্ঠানের থেকে মেসির ইমেজ স্বত্ব বাবদ অর্থের ওপর। সেই অর্থ আবার উরুগুয়ে ও বেলিজে লগ্নিও হয়েছে। অভিযোগটা ওঠার পর একাধিকবার মেসিকে আদালতেও যেতে হয়েছে। বাবা ও ছেলে দুজনই এখন পর্যন্ত কেউ কর ফাঁকি দেওয়ার অভিযোগ স্বীকার করেননি।
বিশ্বকাপের পরই অবশ্য মেসির আইনজীবীরা এই মামলা থেকে তাঁকে নিষ্কৃতি দেওয়ার সুপারিশ করেছিলেন। তাঁদের যুক্তি, মেসির বাবাই যাবতীয় আর্থিক বিষয় দেখভাল করেন। মেসি এসব নিয়ে একেবারেই অন্ধকারে ছিলেন। বাবার ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গেও মেসির সঙ্গে সরাসরি কোনো সংস্রব নেই বলে দাবি করেছেন তাঁরা। হোর্হে অবশ্য গত বছরই কর ফাঁকির অভিযোগটা নিজের ঘাড়ে দিয়েছেন। ক্ষতিপূরণ হিসেবে আগের ফাঁকি দেওয়া করসহ ৫০ লাখ ইউরো মিটিয়েও দিয়েছেন। তখন মনে হয়েছিল মেসি বুঝি আইনি ঝামেলা থেকে রক্ষা পেলেন।
তবে সেটা হয়নি। আইনজীবীদের যুক্তি এবার ধোপে টিকল না আদালতে। স্প্যানিশ দৈনিক এএস বলছে, আদালতের ধারণা, মেসি সরাসরি কর ফাঁকি-সংক্রান্ত ব্যাপারে জড়িত না হলেও ব্যাপারটা তাঁর অজানা নয়। বিচারকের রুল হলো, ‘এ ধরনের অপরাধে কাউকে আর্থিক ও বাণিজ্যিক সব খুঁটিনাটিসহ জানতে হবে এমন কোনো কথা নেই। বরং অপরাধ করার পরিকল্পনায় সম্মতি দেওয়াই এ ক্ষেত্রে যথেষ্ট হতে পারে।’ সিদ্ধান্তটির বিরুদ্ধে আপিল করার জন্য পাঁচ দিন সময় পাবেন মেসির আইনজীবীরা। বিবিসি, রয়টার্স।