আদালতে যাননি মেসি

সকাল থেকেই বার্সেলোনার আদালত প্রাঙ্গণে প্রায় দুই শ সাংবাদিক ও আলোকচিত্রীর উপস্থিতি। উপলক্ষও তো বড়। লিওনেল মেসির কর ফাঁকির মামলায় বিচার বলে কথা! গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়ে ২ জুন পর্যন্ত চলবে মামলার বিচারকাজ। কিন্তু গতকাল প্রথম দিনে একটু চমকে যেতে হলো আগ্রহী পক্ষগুলোকে, প্রথম দিনে যে মেসিই আসতে পারেননি আদালতে।
না থাকার কারণও জানা গেল-চোট। আদালতে গতকাল এক ঘণ্টাব্যাপী চলা শুনানির শুরুতে মেসির পক্ষের আইনজীবী জানিয়ে দেন, গত ২৮ মে হন্ডুরাসের সঙ্গে প্রীতি ম্যাচে পিঠের নিচের অংশে আঘাত পেয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। যুক্তরাষ্ট্রে শতবর্ষপূর্তি বিশেষ কোপা আমেরিকা শুরু হচ্ছে দুই দিন পর, যেখানে চিলির বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ৬ জুন। কথা ছিল, আদালতে মামলার কাজ শেষ করে কোপার আগে সরাসরি ক্যালিফোর্নিয়ায় দলের সঙ্গে যোগ দেবেন মেসি। কিন্তু চোটের কারণে আর্জেন্টিনা অধিনায়ককে
এখন চিকিৎসকের সঙ্গে বেশি সময় দিতে হচ্ছে।
তবে মেসি না আসতে পারলেও তাঁর বাবা হোর্হে হোরাসিও মেসি উপস্থিত ছিলেন আদালতে। কর ফাঁকির বিষয়ে তিনটি ভিন্ন মামলা আছে তাঁদের দুজনের বিপক্ষে। বার্সেলোনা ফরোয়ার্ড ও তাঁর বাবার বিরুদ্ধে অভিযোগ, বেলিজ ও উরুগুয়েতে কয়েকটি ভুয়া কোম্পানির কাগজপত্র দেখিয়ে ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে প্রায় ৪১ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন। স্পেনের রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা বলছেন, অভিযোগ প্রমাণিত হলে জরিমানার পাশাপাশি দুজনেরই সাড়ে ২২ মাস জেলও হতে পারে। যদিও স্পেনের আইন অনুযায়ী, অপরাধ প্রথমবার হলে এবং সেটার সাজা দুই বছরের কম হলে অভিযুক্ত ব্যক্তিকে জেল খাটতে হয় না।
অবশ্য মেসি নিজেই আগে জানিয়েছেন, এসবের সঙ্গে তাঁর কোনো যোগ নেই। ২০১৩ সালের সেপ্টেম্বরে আদালতে মেসি বলেছিলেন, ‘অর্থের বিষয়গুলো বাবাই দেখেন। আমি শুধু সই করি, কিছু পড়ে দেখি না। আমি বাবাকে বিশ্বাস করি। আমি শুধু ফুটবলেই মনোযোগ দিতে চাই।’ এএফপি।