আদালতে যেতেই হচ্ছে নেইমারকে
বার্সেলোনার চেষ্টার কমতি ছিল না। কিন্তু তাতে লাভ কিছু হয়নি। আদালতের কাঠগড়ায় দাঁড়াতেই হচ্ছে নেইমারকে। জালিয়াতি ও দুর্নীতির যে অভিযোগে মামলা চলছে, তার বিরুদ্ধে আপিল করেছিলেন নেইমার ও বার্সেলোনা। পরশু স্পেনের হাইকোর্ট তাঁদের আপিল খারিজ করে দিয়েছেন।
নেইমারের সঙ্গে আদালতে যেতে হবে বার্সেলোনার সাবেক ও বর্তমান সভাপতি সান্দ্রো রোসেল আর জোসেফ মারিয়া বার্তোমেউকেও। শুনানির নতুন তারিখ দেননি আদালত। তবে তা এ বছরই হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় নাম লেখান নেইমার। সেই সময়ে বার্সেলোনা প্রকৃত ট্রান্সফার ফি গোপন করেছিল বলে অভিযোগ। নেইমারকে কিনতে ৫ কোটি ৭১ লাখ ইউরো খরচের কথা বার্সার পক্ষে বলা হলেও পরে জানা যায়, অর্থের অঙ্কটা ১০ কোটি ইউরো। আবার ট্রান্সফার ফির ৪০ শতাংশ পাওয়ার কথা নেইমারের পেছনে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ডিআইএসের। প্রকৃত ট্রান্সফার ফি গোপন করে তাদের ঠকানো হয়েছে বলে দাবি করে ব্রাজিলিয়ান প্রতিষ্ঠানটি। নেইমার আর বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগও তারাই এনেছিল। দুর্নীতির অভিযোগে নেইমারের দুই বছরের কারাদণ্ড চেয়ে গত নভেম্বরে স্পেনের আদালতে আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। ফক্স স্পোর্টস।