আদালতের রায়ে মাঠে আরামবাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাফুফে ভবনে হামলা এবং ভাঙচুরের ঘটনায় শাস্তি পাওয়া আরামবাগ ক্লাব আজ মাঠে নামছে। দ্বিতীয় পর্বের ম্যাচে খেলতে নামার আগেই জরিমানার ৩০ লাখ টাকা বাফুফেকে দেওয়ার কথা ছিল ক্লাবটির। অথচ সেটি না দিয়েই মাঠে নামতে পারছে তারা। আজ কমলাপুর স্টেডিয়ামে আরামবাগ খেলবে ইয়াংমেন্স ফকিরেরপুলের সঙ্গে।
বাফুফের দেওয়া জরিমানার সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ এনেছে ক্লাবটি। কাল আরামবাগের সাধারণ সম্পাদক এজাজ মোহাম্মদ জাহাঙ্গীর জানালেন, ‘আমরা বাফুফের কাছে খেলতে চেয়ে চিঠি দিয়েছি। আগামীকাল খেলতে পারব। কারণ হাইকোর্ট থেকে বাফুফের রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ নিয়ে এসেছি। তিন মাসের জন্য রায় স্থগিত করেছেন আদালত।’