আদালতের শরণাপন্ন শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল মাঠে গড়াচ্ছে মৌসুম শুরুর টুর্নামেন্ট স্বাধীনতা কাপ ফুটবল। কিন্তু ফুটবলারদের নিয়ে ক্লাবগুলোর টানাটানি যেন শেষ হচ্ছে না। দলবদল শেষ হওয়ার পরও অন্য ক্লাবের সঙ্গে চুক্তি করা আটজনকে নিজেদের ফুটবলার দাবি করে শেখ জামাল ধানমন্ডি। তাঁদের ফেরত চেয়ে ক্লাবটি প্রথমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে লিখিত আবেদন করে। বিষয়টি কাল রাতে মীমাংসা করে দিয়েছে খেলোয়াড় স্ট্যাটাস কমিটি। তবে এর আগে ফুটবলার ফেরত চেয়ে আদালতের শরণাপন্ন হয় ক্লাবটি। কাল এ বিষয়ে আদালত একটি আদেশও দিয়েছেন। এই আদেশের পরিপ্রেক্ষিতে আট ফুটবলার শেখ জামাল ক্লাব ছাড়া অন্য কোনো দলের হয়ে কোনো টুর্নামেন্ট বা অন্য কোনো খেলায় অংশ নিতে পারবেন না। কিন্তু স্ট্যাটাস কমিটির সভার সিদ্ধান্ত অনুসারে চট্টগ্রাম আবাহনীতে খেলবেন মামুনুল ইসলাম, নাসির উদ্দিন চৌধুরী, ইয়ামিন মুন্না, সোহেল রানা, রায়হান হাসান। আবাহনীতে খেলবেন শহীদুল আলম সোহেল, শেখ রাসেলে জামাল ভূঁইয়া ও আলমগীর কবির রানা।
শেখ জামাল ক্লাবের একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার ওই ক্লাবেই খেলার জন্য অন্তর্বর্তী আদেশ দেন তাঁদের। একই সঙ্গে আদালত রুল দেন। ক্রীড়াসচিব, বাফুফের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ওই আট ফুটবলারকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। সঙ্গে ছিলেন রুহুল কুদ্দুস কাজল। পরে রুহুল কুদ্দুস কাজল প্রথম আলোকে বলেন, আদালত আদেশে বলেছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। অর্থাৎ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আট ফুটবলার শেখ জামাল ছাড়া অন্য কোনো ক্লাবের হয়ে খেলতে পারবেন না। এই মৌসুমের দলবদলের পর আট ফুটবলার নিয়ে আপত্তি তোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেখ জামালের করা রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে আজ এই রায় দেন আদালত। এই আট খেলোয়াড়ের পাঁচজন চট্টগ্রাম আবাহনীতে গেছেন। চট্টগ্রামের ক্লাবটির ম্যানেজার শাকিল মাহমুদ চৌধুরী কাল জানিয়েছেন, ‘আমরা আদালতের রায়ের কপি এখনো হাতে পাইনি। তাই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। তবে বাফুফে, ফিফা ও এএফসির আইন অনুযায়ী আমরা উদ্বিগ্ন হওয়ার কারণ দেখছি না। আশা করি, আমাদের সব ফুটবলারই মাঠে নামতে পারবেন। তারপরও রায়ের কপি পেলে সেটা পড়ে আমাদের পরবর্তী করণীয় ঠিক করব।’ একই সুরে কথা বলেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগও, ‘আদালতের রায় এখনো হাতে পাইনি আমরা। এটা পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেব।’