আদুরিজের ৫ গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপা লিগে আগের তিন ম্যাচে একটিও গোল ছিল না তাঁর। বেলজিয়ান ক্লাব গেঙ্কের বিপক্ষে পরশু এক ম্যাচেই আরিজ আদুরিজ সেই আক্ষেপটা ঘুচিয়ে দিলেন। সেটিও কীভাবে! গুনে গুনে পাঁচটি গোল করেছেন অ্যাথলেটিক বিলবাওয়ের ৩৫ বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার।
এর আগে ইউরোপা লিগে এক ম্যাচে কোনো স্ট্রাইকারের সর্বোচ্চ গোল ছিল চারটি। করেছেন দুজন—রাদামেল ফ্যালকাও (পোর্তোর হয়ে, ভিয়ারিয়ালের বিপক্ষে, ২০১০-১১ সেমিফাইনালে) ও এডিনসন কাভানি (নাপোলির হয়ে, নিপ্রোর বিপক্ষে, ২০১২-১৩ গ্রুপ পর্বে)।
বলতে পারেন, টুর্নামেন্টটির নাম ইউরোপা লিগই হয়েছে ২০০৯ সালে। তা এর আগের সংস্করণ, ১৯৭১ সালে শুরু হওয়া উয়েফা কাপেও এক ম্যাচে ৫ গোল করার কীর্তি ছিল শুধু জুভেন্টাসের ইতালিয়ান স্ট্রাইকার ফাব্রিসিও রাভানেল্লির (১৯৯৪ সালে সিএসকেএ সোফিয়ার বিপক্ষে)। ইএসপিএন।