আদৌ হবে ফ্র্যাঞ্চাইজি ফুটবল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্র্যাঞ্চাইজি ফুটবল নিয়ে গত ৫ জানুয়ারি বাফুফের সঙ্গে ১৫ বছরের চুক্তি হয়েছিল সাইফ পাওয়ারটেকের। প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ (বাংলাদেশ সুপার লিগ বা বিএসএল) এ বছর নভেম্বর-ডিসেম্বরে আয়োজনের ঘোষণাও সাড়ম্বরে দিয়েছিল দুই পক্ষ। জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে আটটি বিভাগীয় স্টেডিয়াম আন্তর্জাতিক মানের করে দেওয়ার অঙ্গীকার ছিল বাফুফের। কিন্তু প্রায় ছয় মাসেও এ নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় শুরুর আগেই ফ্র্যাঞ্চাইজি লিগের আকাশে ঘনীভূত কালো মেঘ।
স্বপ্নের এই টুর্নামেন্টের কার্যক্রম হঠাৎ গতকাল স্থগিত করে দিয়েছে সাইফ পাওয়ারটেক। এ বছর এটি মাঠে গড়াচ্ছে না বলে ঘোষণাও দিয়েছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানটি। মাঠ প্রাপ্তি সাপেক্ষেÿএটি হতে পারে আগামী বছর। সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন সেটিই বললেন, ‘ভেন্যু তৈরি না হলে তো আমি টুর্নামেন্টটি করতে পারব না। এটি ছোটখাটো কোনো আয়োজন নয়। তাই আগে মাঠ আন্তর্জাতিক মানের হোক, তারপর টুর্নামেন্ট করব আমরা।’
অথচ এরই মধ্যে অনেক টাকা খরচ করে ফেলেছে সাইফ পাওয়ারটেক। জাঁকজমকভাবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে লোগো উন্মোচন করেছে, সুসজ্জিত অফিস নিয়েছে। ম্যারাডোনাকে আনার বিষয়টাও এগিয়েছে অনেক দূর। রুহুল আমিন বলছেন, ‘আমরা তিন থেকে সাড়ে তিন কোটি টাকা বিনিয়োগ করে ফেলেছি। কিন্তু ভেন্যু নিশ্চিত না হলে আর কোনো বিনিয়োগ তো করতে পারি না।’
ভেন্যু নিশ্চিত করার ব্যাপারে ২৪ মে ক্রীড়া মন্ত্রণালয়ে সভা হয়েছিল সরকার, বাফুফে ও বিএসএল কর্তৃপক্ষের মধ্যে। সভায় ঠিক হয়েছে, আগামী ৫ জুনের মধ্যে ভেন্যুগুলো আবার পরিদর্শন করে সংস্কারের জন্য প্রকল্প হাতে নেবে জাতীয় ক্রীড়া পরিষদ। তা একনেকে পাস হলে তবেই কাজ শুরু। এটা সময়সাপেক্ষ বলে ÿমনে করেন রুহুল আমিন, ‘হাতে যে সময় আছে, তাতে এ বছর টুর্নামেন্টটি হবে না। স্টেডিয়ামে টাওয়ার বানাতে অন্তত ছয় মাস লাগবে। কাজেই এক বছরের আগে কাজ শেষ হবে না, নিশ্চিত।’
বাফুফের সহসভাপতি বাদল রায়কে সঙ্গে দিয়ে মাস তিনেক আগে হেলিকপ্টারে কয়েকটি ভেন্যু দেখে আসেন রুহুল আমিন। এরপর ফেডারেশনের নির্বাচন উপলক্ষে কাজে ভাটা পড়ে। পৃষ্ঠপোষক পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, সরকারের আন্তরিকতা আছে। কাজ না এগোনোর কারণ বাফুফেরই ধীরগতি। এ ব্যাপারে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের ভাষ্য, ‘আমরা বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখছি। আশা করছি, দ্রুত সব ঠিক হয়ে যাবে।’