আদ্রিয়ানোর রেকর্ড মেসি-রোনালদোরও নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নস লিগে নিয়মিত আলো ছড়াচ্ছেন আদ্রিয়ানো। ছবি: এএফপি
চ্যাম্পিয়নস লিগে নিয়মিত আলো ছড়াচ্ছেন আদ্রিয়ানো। ছবি: এএফপি

চলতি মৌসুমে এখনো পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা কে? উত্তরে খানিকটা ভাবতে হতে পারে। কারণ, ঠোঁটের আগায় যে থাকে লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা অন্য কোনো মহা তারকার নাম! আসল নামটা অনেককেই চমকে দেবে। সেটি যে অখ্যাত লুইজ আদ্রিয়ানো! শাখতার দোনেৎস্কের এ স্ট্রাইকার যা করেছেন, চোখ কপালে ওঠার মতোই!
কী করেছেন আদ্রিয়ানো? চ্যাম্পিয়নস লিগে এখনো পর্যন্ত ৫ ম্যাচে ৯ গোল করে সবার ওপরে। দ্বিতীয় অবস্থানে থাকা মেসির গোল ৭টি। তার চেয়ে গুরুত্বপূর্ণ তথ্য—চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথমার্ধে একাই চার গোল করা একমাত্র খেলোয়াড় তিনি। যে রেকর্ডে তিনি ছাড়িয়ে গেছেন মেসি–রোনালদোকেও। শুধু এখানেই শেষ হয়ে যায়নি তাঁর কীর্তি। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করা একমাত্র খেলোয়াড়ও তিনি।
দুটো হ্যাটট্রিকই বাতে বরিসভের বিপক্ষে। আসলে এই দুই লেগই আলোচনায় নিয়ে এসেছে আদ্রিয়ানোকে। ঘরের মাঠ ও অ্যাওয়ে—দুই ম্যাচে বাতেকে ১২ গোল দিয়েছে শাখতার। এর মধ্যে আটটিই আদ্রিয়ানোর (৫‍‍+৩)! চ্যাম্পিয়নস লিগে দুটির বেশি হ্যাটট্রিক ছিল মাত্র তিনজনের—মেসি, মারিও গোমেজ, ফিলিপো ইনজাগি। এ তালিকায় সর্বশেষ সংযোজন আদ্রিয়ানো।
এক ম্যাচেই ৫ গোল করার পর এ ব্রাজিলিয়ান স্ট্রাইকার বলেছিলেন, ‘যখন শাখতারে এলাম, ভেবেছিলাম ক্লাবের ইতিহাসে একটি চিহ্ন রেখে যাব। সেটা পেরেছি। স্বপ্ন যখন সত্যি হয়, তখন তার অনুভূতি হয় অন্য রকম। অবশ্য ব্রাজিলিয়ানদের জন্য এ ক্লাবের ইতিহাস বেশ সমৃদ্ধ।’ এমনটা বলার কারণও আছে। ব্রাজিলিয়ান তারকা ফার্নান্দিনহো, উইলিয়ানরা তো খেলেছেন শাখতারেই।
বয়স ২৭, শাখতারে খেলছেন সাত বছর ধরে। গোলসংখ্যা ১২১টি। অথচ জাতীয় দলে অভিষেক হলো গত মাসে। চ্যাম্পিয়নস লিগে দারুণ পারফরম্যান্সের পর কার্লোস দুঙ্গার নজরে এসেছেন। বন্ধু উইলিয়ানের সঙ্গে তুরস্কের বিপক্ষে ম্যাচটিতে খেলেছেনও। অথচ সাবেক ক্লাব সতীর্থ পাতোর মতো তিনিও পরিচিতি পেয়েছিলেন ‘বিস্ময়–বালক’ হিসেবেই।
শাখতারে আসার আগে বছর তিনেক ছিলেন ইন্টারন্যাসিওনালে। ২০০৬ সালে জাপানে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপ ফাইনালে বার্সেলোনাকে হারিয়েছিল ইন্টারন্যাসিওনাল। ফাইনালে ওঠার পেছনে অবদান ছিল আদ্রিয়ানোর। সেমিফাইনালে একটি গোল এসেছিল তাঁর কাছ থেকে। পরের বছর ব্রজিলের দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ মহাদেশীয় শিরোপার জেতার পেছনে তার অবদান ছিল। ক্লাব ফুটবলেও পারফরম্যান্স বলার মতোই। তবুও কেন জাতীয় দলে আসতে এত দেরি হলো?

শাখতার কোচ মির্চা লুসেসি বিষয়টির ব্যাখ্যা দিলেন এভাবে, ‘ক্লাবে লুইজের উন্নতি হয়েছে দীর্ঘ সময় ধরে। প্রতি বছরই সে উন্নতি করেছে। এখন সে ব্রাজিল জাতীয় দলে খেলার পর্যায়ে পৌঁছে গিয়েছে। আমি কিন্তু সব সময়ই ওর ওপর আস্থা রেখেছি। ক্লাব থেকে অনেকে চলে গেছে। তাদের যেতে দিয়েছি। কিন্তু ওকে শাখতারে রেখে দিয়েছি। গোল ও আচরণের মাধ্যমে সেটারই প্রতিদান সে দিচ্ছে।’
এই মৌসুমে যেভাবে আলো ছড়াচ্ছেন, তাতে আদ্রিয়ানোকে শাখতার বেশি দিন ধরে রাখতে পারবে বলে মনে হয় না। গোলডটকম।