আনচেলত্তির চাকরি খেয়ে নিলেন নেইমাররা

কার্ল-হেইঞ্জ রুমেনিগে যেমন বলেছিলেন, শেষ পর্যন্ত তেমনটাই হলো।
পরশু পিএসজির মাঠে ৩-০ গোলে হেরেছে বায়ার্ন মিউনিখ। গত ২১ বছরে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের কোনো ম্যাচে বায়ার্নের সবচেয়ে বড় ব্যবধানে হার। ম্যাচের পরই ক্লাব চেয়ারম্যান রুমেনিগে ইঙ্গিত দিয়ে রেখেছিলেন, এই হারের প্রভাব দলের কারও কারও ওপর পড়বে। পড়ল দলের কোচ কার্লো আনচেলত্তির ওপরই। গতকালই ৫৮ বছর বয়সী ইতালিয়ান কোচকে বরখাস্ত করেছে বাভারিয়ান ক্লাবটি।
জার্মান দৈনিক স্পোর্টস বিল্ড বাংলাদেশ সময় গতকাল বিকেলের দিকেই জানিয়েছিল, বায়ার্নে জরুরি সভা বসেছে। সভার কিছুক্ষণ পরই ক্লাবের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে টুইট এল, ‘ব্রেকিং নিউজ: কার্লো আনচেলত্তিকে বিদায় বলে দিয়েছে বায়ার্ন মিউনিখ!’ ১৫ মাসেই বায়ার্ন-আনচেলত্তি বিচ্ছেদ হয়ে গেল।
পেপ গার্দিওলার কাছ থেকে বায়ার্নের দায়িত্ব বুঝে নেওয়ার পর প্রথম মৌসুমেই লিগ জিতিয়েছিলেন ক্লাবকে। তবে চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে ও জার্মান কাপের সেমিফাইনালে শেষ হয়ে যায় আনচেলত্তির দলের যাত্রা। এই মৌসুমের শুরুটাও ঠিক বায়ার্নসুলভ হয়নি। লিগে ছয় ম্যাচ পরই শীর্ষে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে বায়ার্ন। তা নিয়ে এমনিতেই বায়ার্নে একটু অস্বস্তি ছিল আনচেলত্তিকে ঘিরে। পরশু পিএসজির কাছে হারটা এঁকে দিল সমাপ্তিচিহ্ন।
আপাতত সহকারী কোচ উইলি সানিওল দায়িত্ব নেবেন। তবে ডর্টমুন্ডের সাবেক কোচ টমাস টুখেল বা হফেনহাইমের তরুণ কোচ ইউলিয়ান নাগেলসমান বায়ার্নে আনচেলত্তির উত্তরসূরি হতে পারেন বলে গুঞ্জন আছে। ইএসপিএন।
বায়ার্নে আনচেলত্তি
ম্যাচ | ৬০ |
জয় | ৪২ |
হার | ৯ |
ড্র | ৯ |
শিরোপা
বুন্দেসলিগা | ১ |
জার্মান সুপারকাপ | ২ |