আনচেলত্তির চোখে সেরা রোনালদোই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনচেলত্তির চোখে সেরা রোনালদোই। ছবি: রয়টার্স
আনচেলত্তির চোখে সেরা রোনালদোই। ছবি: রয়টার্স

হাতে গোনা কয়েকজন কোচই ভিন্ন ভিন্ন দলের হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ—কার্লো আনচেলত্তি সেই বিরল প্রজাতিরই একজন। এসি মিলানের হয়ে দুবার আর গত মৌসুমে রিয়াল মাদ্রিদের ‘লা ডেসিমা’। জহুরির চোখে দেখেছেন বহু প্রতিভাধর খেলোয়াড়কে। ঝানু এ কোচ রায় দিলেন, তাঁর দেখা খেলোয়াড়দের মধ্যে সেরা ক্রিস্টিয়ানো রোনালদোই।

মঙ্গলবার ৫৫ বছর বয়সী এ ইতালিয়ান কোচ রোনালদোকে ভাসিয়েছেন প্রশংসায়, ‘সন্দেহ নেই, রোনালাদোই এক নাম্বার। যাদেরকে কোচিং করিয়েছি তাদের অসন্তুষ্ট করার জন্য নয়, সত্যি সে (রোনালদো) আমার কাছে এক নাম্বার।’ পর্তুগিজ এই তারকার বর্তমান গুরু বলে নয়, তাঁর সাম্প্রতিক ফর্মটাই এমনটা বলতে বাধ্য করেছে আনচেলত্তিকে। রোনালদো যে ভেঙে চলেছেন একের পর এক রেকর্ড।

রোনালদোকে একজন নিবেদিত খেলোয়াড় হিসেবেও অভিহিত করেছেন আনচেলত্তি। তাঁর ভাষায়, ‘ক্রিস্টিয়ানো অসাধারণ পেশাদার। দল ও ক্লাবের প্রতি ভীষণ নিবেদিত। খুব বেশি কথা বলে না কিন্তু সে একজন নেতা।’

আজ রাতে রিয়াল মাঠে নামবে বুলগেরিয়ান ক্লাব লুদোগোরেৎসের বিপক্ষে। এ ম্যাচে রোনালদোর সামনে অপেক্ষা করছে অনন্য এক রেকর্ডের হাতছানি। হ্যাটট্রিক করাকে যেভাবে ডাল-ভাত বানিয়ে ফেলেছেন, তাতে আরও একটি হ্যাটট্রিক হলেও তিনি ব্রাকেট-বন্দী হবেন রাউলের সঙ্গে। চ্যাম্পিয়নস লিগে সর্বাধিক গোলের রেকর্ডে ভাগ বসিয়ে তিনি বসে যাবেন ওই স্প্যানিশ তারকার পাশেই। এই মুহূর্তে তাঁর গোল ৬৮টি। কাল পিএসজির বিপক্ষে গোল করে রোনালদোর পাশে এসে বসেছেন তাঁর প্রবল প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। এই রেকর্ডটি নিয়েও যে মেসি-রোনালদো কাড়াকাড়ি চলবে, সেটা তো দিব্যদৃষ্টিতেই বলে দেওয়া যাচ্ছে। সূত্র: রয়টার্স।