আনচেলত্তির পর বেনিতেজ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্লো আনচেলত্তি
কার্লো আনচেলত্তি

টুইটার, ফেসবুকে শুভকামনার স্রোত বইছে। রামোস, রদ্রিগেজ, ক্রুস, মার্সেলো...সবাই শ্রদ্ধা জানিয়েছেন সদ্য বিদায় নেওয়া কোচকে। ‘আপনার কাছ থেকে এই দুই বছরে অনেক কিছুই শিখেছি আমরা—’ সবার টুইটেই অভিন্ন সুর। কার্লো আনচেলত্তিকে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা কতটা আপন করে নিয়েছিলেন, টুইটইগুলো নীরবে সেই কথাই বলে। ক্রিস্টিয়ানো রোনালদো আনচেলত্তির প্রতি তাঁর সমর্থন জানিয়ে দিয়েছিলেন রাখঢাক না করেই। বার্নাব্যুতে নাম ধরে চেঁচিয়ে রিয়াল সমর্থকেরাও সমর্থন জানিয়েছেন। কিন্তু যা হওয়ার কথা ছিল শেষ পর্যন্ত তা-ই হলো, রিয়াল থেকে বিদায় নিতে হলো আনচেলত্তিকে। নতুন কোচ হিসেবে শোনা যাচ্ছে নাপোলির রাফায়েল বেনিতেজের নাম।
আনচেলত্তির বিদায়টা আসন্নই মনে হচ্ছিল। এই মৌসুমে রিয়ালকে কিছুই জেতাতে পারেননি। কোপা ডেল রের আশা শেষ হয়ে গেছে আগেই। শেষ দিকে এসে বার্সেলোনার কাছে লা লিগা খোয়াতে হয়েছে। চ্যাম্পিয়নস লিগের আশারও জলাঞ্জলি হয়েছে সেমিফাইনালে। সাফল্যবুভুক্ষু রিয়াল থেকে কোচকে বিদায় নিতে হলো এ কারণেই? সংবাদ সম্মেলনে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ মেনে নিলেন, ‘সিদ্ধান্তটা খুব কঠিন ছিল। কিন্তু রিয়াল সব সময় সর্বোচ্চটা অর্জন করতে চায়। আমাদের মনে হয়েছে দুই বছর পর ক্লাবের নতুন একটা ধাক্কা দরকার।’ অথচ আগের মৌসুমেই রিয়ালকে স্বপ্নের লা ডেসিমাসহ চারটি ট্রফি জিতিয়েছেন আনচেলত্তি।
গত বছরের শেষেই তো টানা ২২ ম্যাচে জেতা রিয়ালকে অপ্রতিরোধ্যই মনে হচ্ছিল। তারাই কিনা মৌসুম শেষ করল শূন্য হাতে। এভাবে ছুড়ে ফেলায় আনচেলত্তির ভেতরকার অনুভূতি যা-ই হোক, তাঁর টুইটারের পোস্টে রইল পেশাদারির চূড়ান্ত প্রকাশ, ‘রিয়াল মাদ্রিদে অসাধারণ দুটি বছর আমার মনে থাকবে। ক্লাব ও এর সমর্থক, খেলোয়াড়দের ধন্যবাদ জানাই।’
কিন্তু রিয়ালের পরবর্তী কোচ কে হবেন এমন অবধারিত প্রশ্নও ছুটে গেল পেরেজের দিকে। রিয়াল সভাপতি সরাসরি কিছু বলেননি, তবে যে সূত্রটি ধরিয়ে দিলেন তাতে মনে হচ্ছে বেনিতেজই কাঙ্ক্ষিত মুখ, ‘আমরা নতুন কোচের নাম পরের সপ্তাহে জানাব। তিনি স্প্যানিশ বলতে পারলে ব্যাপারটা দারুণ হবে।’ বেনিতেজের জন্মসূত্রে স্প্যানিশই শুধু নন, তাঁর জন্ম ও বেড়ে ওঠা মাদ্রিদে। সাত বছর খেলেছেন রিয়াল মাদ্রিদের ‘বি’ দলেও।
বেনিতেজের কোচ হওয়াটা যে সময়ের ব্যাপার, সেটা জানিয়েছেন আনচেলত্তির এজেন্ট আরনেস্তো ব্রনজেত্তি, ‘রাফায়েল বেনিতেজের কোচ হওয়াটা ৯৯ ভাগ নিশ্চিত।’ সমর্থকেরা ডর্টমুন্ডের বিদায়ী কোচ ইয়ুর্গেন ক্লপকে চেয়েছিলেন, কিন্তু সেই চাওয়াটা সম্ভবত পূরণ হচ্ছে না। এএফপি, গোলডটকম, এএস।
আনচেলত্তির ক্লাব রেকর্ড
৭৪% রিয়াল মাদ্রিদ
৬২% পিএসজি
৬১% চেলসি
৫৭% জুভেন্টাস
৫৬% এসি মিলান
* জয়ের পরিসংখ্যান