আনচেলত্তির প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর অধীনে প্রথম মৌসুমেই বহু আরাধ্য লা ডেসিমা জিতেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু পরের মৌসুমেই ট্রফিশূন্য থাকার কারণে বরখাস্ত হতে হয় কার্লো আনচেলত্তিকে। কোচ করে আনা হয় রাফায়েল বেনিতেজকে। কিন্তু তিনি টিকলেন আনচেলত্তির চেয়েও কম সময়, মাত্র সাত মাস!
নিজে বরখাস্ত হওয়ার পরও কোনো আক্ষেপের কথা বলেননি। তবে বেনিতেজকে বরখাস্ত হতে দেখে চুপ করে থাকতে পারেননি আনচেলত্তি, ‘আমি জানি কোচের কাজ ফল এনে দেওয়া। কিন্তু এবার আমি সত্যিই বুঝতে পারলাম না, কেন বেনিতেজকে বরখাস্ত করা হলো। মাত্রই তো মৌসুমের অর্ধেক শেষ হয়েছে!’
আনচেলত্তি মনে করেন, লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লিগ, কোথাও রিয়ালের শিরোপার আশা এখনো শেষ হয়ে যায়নি। এ কারণেই তাঁর প্রশ্ন, ‘২০০৯ সালের পর জিনেদিন জিদান রিয়ালের পঞ্চম কোচ। এখানে তাই অনেক প্রশ্ন আছে এবং সেগুলো তোলা উচিত। দলের ব্যর্থতার দায় সব সময়ই কি কোচের?’
তবে সব কথার পরও শুভকামনা জানিয়েছেন রিয়ালের নতুন কোচ এবং তাঁর একসময়ের সহকারী জিনেদিন জিদানকে, ‘রিয়ালকে এগিয়ে নিয়ে যাওয়ার সব যোগ্যতাই আছে জিদানের। আমি আন্তরিকভাবে তার সাফল্য কামনা করি।’ ইএসপিএন।