আনচেলত্তির বাজি রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমে ৬১ গোল করেছিলেন। এ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুটি ম্যাচ খেলে এখনো গোলশূন্য ক্রিস্টিয়ানো রোনালদো। সকালটাই নাকি দিনের আভাস দিয়ে দেয়। তবে কি রোনালদোর ফর্ম এবার দুশ্চিন্তার কারণ হবে রিয়াল মাদ্রিদের? সাবেক রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি কিন্তু মোটেই তা মনে করেন না। বরং এই মৌসুমেও দুর্দান্ত এক রোনালদোকে দেখা যাবে বলেই নিশ্চিত তিনি, ‘আমি ক্রিস্টিয়ানোকে খুব ভালো করে চিনি। যদি আমি জুয়াড়ি হতাম, তাহলে এবারও লা লিগার সর্বোচ্চ গোলদাতা হিসেবে রোনালদোর ওপরই বাজি ধরতাম। গত মৌসুমে আমার অধীনে সে ৬১ গোল করেছে। ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়েরাই শুধু এ ধরনের পরিসংখ্যানের মালিক হতে পারে।’
শুধু রোনালদোর নয়, আনচেলত্তি প্রশংসা করেছেন মেসিরও, ‘স্পেন ভাগ্যবান যে মেসি ও রোনালদো দুজনেই সেখানে খেলে।’
তাঁর অধীনে প্রথম মৌসুমেই চ্যাম্পিয়নস লিগ জিতেছিল রিয়াল মাদ্রিদ। নতুন কোচ রাফায়েল বেনিতেজের অধীনে কেমন করবে রিয়াল? কিছু বলার আগে আনচেলত্তি আরেকটু অপেক্ষা করতে চান, ‘এখনই কোনো কিছু বিচার করার সময় হয়নি। তবে আমি জানি বেনিতেজ অসাধারণ কিছু খেলোয়াড় পেয়েছে। আমারও যাদের কোচিং করানোর সৌভাগ্য হয়েছে। ওদের কী সামর্থ্য আছে, এটা আমার জানা।’ মার্কা।