প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্লো আনচেলত্তি হয়তো সুযোগ পেলে হার্থা বার্লিন সমর্থকদের সরাসরি বলেই দিতেন, ‘আমাদের কী দোষ! দুয়ো দিলে রেফারিকে দাও!’ বলার সুযোগ পাননি, তাই হয়তো রাগে-ক্ষোভে হাতের মধ্যমা দেখান বায়ার্ন মিউনিখ কোচ। সেটির দণ্ডও দিতে হচ্ছে! জার্মান ফুটবল ফেডারেশন তাঁকে পাঁচ হাজার ইউরো জরিমানা করেছে। ঘটনাটা গত শনিবারের। হার্থার সঙ্গে ম্যাচে যোগ করা সময় ছিল পাঁচ মিনিট, কিন্তু রবার্ট লেভানডফস্কি বায়ার্নকে সমতায় ফেরানো গোলটি করার সময় ঘড়িতে ৯৫ মিনিট ৫৭ সেকেন্ড। এতেই মহা খ্যাপা হার্থা সমর্থকেরা। দুয়োর পাশাপাশি থুতুও দিয়েছেন বায়ার্নের খেলোয়াড় ও কোচদের। সেটিরই ‘প্রতিবাদে’ আনচেলত্তি মধ্যাঙ্গুলি দেখিয়েছিলেন হার্থা সমর্থকদের! ৫৭ বছর বয়সী ইতালিয়ান কোচকে জার্মান ফুটবল ফেডারেশন বলে দিয়েছে, জরিমানার অর্থটা দান করতে হবে দাতব্য কাজে!