আনন্দ কম, লজ্জা বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>আর মাত্র কয়েক দিন। দেখতে দেখতে শেষ হয়ে এল ২০১৬। খেলাধুলার জগতে কেমন গেল বছরটা? পেছনে ফিরে তাকালে উঠে আসবে হাসি-কান্না-প্রাপ্তি-অপ্রাপ্তির কত উপাখ্যান! ধারাবাহিক বর্ষপরিক্রমায় আজ থাকছে ঘরোয়া ফুটবল
মেয়েরা এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলে গ্রুপসেরা হয়ে উঠেছে চূড়ান্ত পর্বে। মেতেছে বাঁধভাঙা আনন্দে। আর ভুটান-লজ্জা ছেলেদের মাথা নিচু করে দিয়েছে। l ফাইল ছবি
মেয়েরা এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলে গ্রুপসেরা হয়ে উঠেছে চূড়ান্ত পর্বে। মেতেছে বাঁধভাঙা আনন্দে। আর ভুটান-লজ্জা ছেলেদের মাথা নিচু করে দিয়েছে। l ফাইল ছবি

কালের গর্ভে হারিয়ে যাচ্ছে আরেকটি বছর। বিদায়ী বছরের জন্য অনেকেই হয়তো হাহাকার করবেন। ফিরে পেতে চাইবেন স্মরণীয় সব মুহূর্ত। বাংলাদেশের ফুটবলেও অনেক দাগ রেখে যাওয়া মুহূর্তও আছে ২০১৬ সালে। কোনটা মুছে কোনটা মনে রাখা উচিত?
যদি আসে ছেলেদের ফুটবল প্রসঙ্গ, দ্রুতই তা ভুলে যেতে চাইবেন সবাই। স্বাধীনতার ৪৫ বছরে ভুটানের সঙ্গে আগে কখনো হার ছিল না। ১১ সাক্ষাতে আট জয়। সেই ভুটান এবার দিয়েছে লজ্জা। ঢাকার মাঠ থেকে মাথা উঁচু করে ড্র নিয়ে গেছে একসময়ের পুঁচকে ভুটান। নিজেদের মাঠে এশিয়ান কাপের প্লে-অফে বাংলাদেশকে বীরদর্পে বলেকয়ে হারিয়ে দিয়েছে ৩-১ গোলে। ভুটান শুধু জেতেইনি, বাংলাদেশের ফুটবলে বিছিয়ে দিয়েছে অদৃশ্য এক শোকের চাদর।
ওই একটা হার স্তব্ধ করে দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক পথচলাও। এশিয়ান কাপের বাছাইয়ে উঠতে না পারা যদি হয় নগদ ক্ষতি, তাহলে আগামী তিন বছর ফিফা এএফসির ম্যাচ না পাওয়ার ক্ষতি আরও বড়। এর দায় যতটা অগোছালো আর এলোমেলো বাফুফের, পথহারা ফুটবলারদেরও দাঁড়াতে হবে কাঠগড়ায়।
কী করেছেন ফুটবলাররা সেই খতিয়ান বই খোলা যাক। এ বছর বঙ্গবন্ধু গোল্ডকাপ, বিশ্বকাপ বাছাইপর্ব, এশিয়ান কাপের প্রাক-বাছাই আর প্রীতিসহ ১১টি ম্যাচের মাত্র একটিতে তাঁরা জয় শব্দটা চিনেছেন। বছরের প্রথম ম্যাচ ৮ জানুয়ারি বঙ্গবন্ধু গোল্ডকাপে শ্রীলঙ্কার সঙ্গে ওই জয় ৪-২ গোলে। এ ছাড়া সাতটি হার, তিন ড্র। গত বছর ৫ জয়, ১৩ হার, ৩ ড্র। ২০১৫ সালে ২৪ শতাংশ জয়। ২০১৬ সালে মাত্র ৯!
জাতীয় দলের এই ব্যর্থতা ফুটবলের জন্য বছরটাকে করে তোলে বিস্মরণযোগ্য। বিশ্বকাপ বাছাইয়ে জর্ডানে গিয়ে ৮ গোল খাওয়া দিয়ে বড় বিপর্যয় শুরু। ২ জুন তাজিকিস্তানের কাছে ০-৫ ব্যবধানে হারের ক্ষত না শুকাতেই ১ সেপ্টেম্বর মালদ্বীপের কাছে প্রীতি ম্যাচে ০-৫ গোলে উড়ে যাওয়া! ১০ অক্টোবর ভুটান তো আরও অবাক করে দিয়েছে। তবে ফুটবলারদের হেলদোল কম। তাঁদের অনেকের আত্মনিবেদনের অভাব, অনিয়ন্ত্রিত জীবন, ক্লাব থেকে কাঁড়ি কাঁড়ি টাকা পেয়ে অনেকের মাথা ঘুরে যাওয়াও আজকের দুরবস্থার জন্য কম দায়ী নয়।
এসএ গেমসে গিয়ে গতবারের সোনাটা বিসর্জন দিতে হয়েছে। চার ম্যাচে দুটি জয়। এক ড্র আর এক হার। ব্রোঞ্জ জিতে অনূর্ধ্ব-২৩ দলের কয়েকজন ফুটবলার ফেসবুকে ছবি আপলোড করে স্ট্যাটাস লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, এটার জন্য আমরা অনেক পরিশ্রম করেছি!’
এসএ গেমসে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতেই খেলে। কিন্তু সময়ের স্রোত কোথায় টেনে এনেছে? ২০১৬ সালে ফুটবলাররা ব্রোঞ্জ জিতে উল্লাস করেন! অথচ একাডেমি গড়ে দ্রুত উঠে আসা নেপাল বাংলাদেশের নাকের ডগায় বছরের শুরুতে বঙ্গবন্ধু গোল্ডকাপ জিতে গেছে। ওই টুর্নামেন্টে এবার বাংলাদেশ আটকে গেছে সেমির গেরোয়। তবে মেয়েরা মাথা উঁচু করে এগিয়েছে শুধুই সামনে। ওঁরা দেখিয়েছে বীরত্ব। এপ্রিলে তাজিকিস্তানে এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবলে আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়া ছিল আগের সাফল্যেরই ধারাবাহিকতা। আর ঘরের মাঠে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলে হেসেখেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ উঠে যাবে চূড়ান্ত পর্বে, এতটা কেউ ভাবেনি!
কিন্তু অনন্য উচ্চতায় পা রেখে মেয়েরা সত্যিই অবাক করে দিয়েছে। এএফসি অনূর্ধ্ব-১৬–র চূড়ান্ত পর্বে ২০১৭ সালে তারা খেলবে চীন-জাপানের মতো এশিয়ার সেরা দলগুলোর সঙ্গে। বাছাইপর্বে কৃষ্ণারা ৫ ম্যাচে দিয়েছে ২৬ গোল। ১০ গোলে ভাসিয়ে দিয়েছে কিরগিজস্তানকে। ইরানকে ৩, সিঙ্গাপুরকে ৫ ও চীনা তাইপে ও আরব আমিরাতকে দিয়েছে ৪ গোল। তখন সবার মুখে ছিল রসিকতা, ছেলেরা ৫ গোল খায়, আর মেয়েরা ১০ গোল দেয়!
ফুটবল ফেডারেশনের জন্য সময়টা তাই ছিল দুই রকম। কখনো আনন্দ, কখনো লজ্জার। ভুটান-বিপর্যয়ে বাফুফে সভাপতি হিসেবে কাজী সালাউদ্দিনের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। তাঁর পদত্যাগের দাবিতে বাফুফে ভবনের সামনে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। সভা-সেমিনারে সরগরম ছিল ফুটবল।
এপ্রিলে বাফুফের নির্বাচনও কাঁপিয়ে দিয়েছে দেশের ফুটবলকে। নির্বাচনে কাদা-ছোড়াছুড়ি শালীনতার সব দেয়াল ভেঙে ফেলেছে। প্রবল বিরোধিতায় পড়েও টানা তৃতীয়বার বাফুফের কুর্সিতে বসা সালাউদ্দিন অবশ্য স্বস্তি পাননি। নানা অভিযোগের জবাব দিতে হয়েছে তাঁকে। বছর শেষান্তে সুখবর অবশ্যই, পরিকল্পনাহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে চার বছরের কর্মপরিকল্পনা পেশ করেছেন সালাউদ্দিন।
তবে প্রিমিয়ার লিগটা এবার ঢাকার বাইরে অন্যভাবে আয়োজিত হলেও ঢাকায় যথারীতি দর্শক-খরা। দুই মৌসুম পর ফিরে এসেছে পাতানো খেলার অভিযোগও। ঢাকার বাইরের লিগগুলো যথারীতি স্থবির। ঢাকার তৃণমূলের একই দশা। সব ছাপিয়ে ভুটান-লজ্জার এমন বছর আর না এলেই ভালো!