
এএফসি কাপের রানার্সআপ বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আবাহনীর যতটা আনন্দ হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে আফসোস। পুরো প্রস্তুতি নিয়ে টুর্নামেন্টটা খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব ছিল বলে মনে করছেন সবাই।
যুব ফুটবলের ফাইনাল দেখতে কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসা বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও মনে করেন এমনটাই, ‘আবাহনী বড় একটা সুযোগই হাতছাড়া করেছে। অন্য দলগুলো আহামরি নয়। নিজেরা ভুল না করলে আবাহনী ভালো অবস্থানেই থাকতে পারত এই টুর্নামেন্টে।’
ভালো অবস্থানে না থাকার পেছনে দল ভেঙে যাওয়া, খেলোয়াড়দের চোট, দুর্বল রক্ষণ, টুর্নামেন্টটাকে যথেষ্ট গুরুত্ব না দেওয়া ইত্যাদি কারণ দৃশ্যমান। অথচ প্রথম তিন ম্যাচ হেরে যাওয়া সেই ভঙ্গুর আবাহনীই পরশু ঢাকায় বেঙ্গালুরু এফসিকে হারিয়ে দিল (২-০)!
২০১৩ সালে প্রতিষ্ঠার পর নিজেদের অভিষেক আই লিগেই চ্যাম্পিয়ন (২০১৫-১৬) বেঙ্গালুরু। তাদের হারিয়ে এখন আফসোসই করছেন আবাহনী কোচ দ্রাগো মামিচ, ‘আমরা স্রেফ নিজেদের দোষে আগের তিন ম্যাচে হেরেছি। অথচ বেঙ্গালুরুকে হারিয়ে বোঝা গেল, আমাদের সামর্থ্য ছিল আরও ভালো করার।’
এই আবাহনীর বিপক্ষে ঢাকায় সাদামাটা খেলেও ২-০ গোলে জিতে গেছে মালদ্বীপের মাজিয়া। মোহনবাগানের মাঠে প্রথমে গোল করেও ৩-১ গোলে হার। বেঙ্গালুরুর সঙ্গে প্রথম ম্যাচে ভালো খেলেও ২-০ হার।
দায় যে নিজেদেরই, সেটাও অস্বীকার করতে পারেন না দলটির ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু। গত মৌসুমের দলটির সাফল্যের বড় নায়ক ব্রিটিশ প্লেমেকার লি টাককে রাখা যায়নি। সানডের চোট। হেমন্ত, তপু বর্মণসহ ৫ ফুটবলার দল ছাড়েন।
গত মৌসুমের দলটা ধরে রাখতে পারলে ভালো কিছু করা সম্ভব ছিল—এই উপলব্ধির দুয়ার নতুন করে খুলে দিলেন রুবেল মিয়া-সাদ উদ্দিনরা। বেঙ্গালুরুর বিপক্ষে এই দুই তরুণ ফরোয়ার্ড দুটি গোল করে কাল দিনভরই ছিলেন আলোচনার কেন্দ্রে।
তারুণে্যর শক্তিতে উজ্জীবিত এই নবীনেরা দেখালেন, এ দেশে প্রতিভা আছে। এবং নবীনেরাই পারেন দেশের ফুটবলে পরিবর্তন আনতে। দরকার প্রতিভাগুলোর বিকাশের সুযোগ। সাদ ২০১৫ সিলেটে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে রেখেছেন বড় ভূমিকা। সেমিফাইনালে তাঁর গোলেই আফগানিস্তানকে হারায় বাংলাদেশ। কিন্তু গত প্রায় দুই বছরে ক্লাবে তেমন সুযোগ পাননি। পরশু শেষ দিকে বদলি নেমেই জোনাথন ডেভিডের চলন্ত ক্রসে দারুণ গড়ানো শটে গোল করেছেন সাদ। দলকে জেতাতে পেরে দারুণ খুশি সাদ, ‘সুযোগ পেলে ভালো কিছু করব, সেই বিশ্বাস সব সময়ই আছে।’
এই সময়ে তারুণে্যর বড় বিজ্ঞাপন রুবেল মিয়া মাঝবৃত্তের একটু ওপর থেকে দূরপাল্লার শটে অসাধারণ এক গোল করেছেন (গোলরক্ষক পোস্টে ছিলেন না)। তাঁর আত্মবিশ্বাস ছিল গোলটা হবেই, ‘দূরপাল্লার শটে আগেও গোল করেছি। তাই বলটা মেরেই গোলের আনন্দ শুরু করি। বল জালে যাচ্ছে কি না অপেক্ষা করিনি। জানতাম গোল হবেই। এভাবে বল মারা আমার কাছে সাধারণ ব্যাপার মনে হয়েছে!’
১৭ মে মাজিয়ার সঙ্গে মালেতে এবং ৩১ মে ঢাকায় মোহনবাগানের সঙ্গে শেষ ম্যাচ আবাহনীর। এই দুটি ম্যাচে ভালোভাবে জিতলে গ্রুপেসেরা রানার্সআপ হওয়ার একটা হিসাব-নিকাশ চলেও আসতে পারে। পরশু মাজিয়ার কাছে মোহনবাগানের ৫-২ গোলে হার একই সঙ্গে আবাহনীর আক্ষেপও বাড়িয়ে দেয়!