‘আনিস’ নামের প্রেমে পড়েছেন আবাহনীর ব্রাজিলিয়ান
‘আনিস’ নামটাই এখন পছন্দ আবাহনীর ব্রাজিলিয়ান ফুটবলার ফ্রান্সিসকো তোরেসের। তাঁর সোজা–সাপটা কথা, এই নাম যদি তাঁর জন্য সৌভাগ্য বয়ে আনে তাহলে বাংলাদেশে ‘আনিস’ নামের জার্সি পরে খেলতে তাঁর সমস্যা নেই।
‘আনিস’ নামটি নিয়ে কয়েক দিন ধরেই দেশের ফুটবল পাড়ায় আলোচনা। আবাহনীর ব্রাজিলিয়ান ফুটবলারের জার্সির পেছনে এই নাম লেখা দেখেই শুরু হয় কৌতূহল। প্রশ্ন ওঠে, ব্রাজিলিয়ান ফুটবলারের নাম কি আনিস? পরে জানা যায়, মাঠে নিজের জার্সি সঙ্গে করে না আনায় ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে অন্য একটি জার্সি পরে খেলেছিলেন ফ্রান্সিসকো তোরেস। তার পেছনে লেখা ছিল এই ‘আনিস’ নামটি।
তবে ‘আনিস’ নামের প্রেমে পড়ে গিয়েছেন তোরেস। কারণটা খুবই সহজ, এই নামের জার্সি পরে খেলেই বাংলাদেশে প্রথম গোল পেয়েছেন ৩১ বছর বয়সী এই স্ট্রাইকার। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে উত্তর বারিধারার বিপক্ষে সেদিন হয়েছিলেন ম্যাচ সেরাও। কোয়ার্টার ফাইনালে উত্তর বারিধারার বিপক্ষে যোগ করা সময়ে গোল করে আবাহনীকে সেমিফাইনালের টিকিট এনে দিয়েছেন। এর আগে গ্রুপ পর্বের দুই ম্যাচে কোনো গোল করতে পারেননি তিনি।
কাল তোরেস মজা করে বলছিলেন, সুযোগ থাকলে তো এই জার্সি পরেই সেমিফাইনালে বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলতে চান। ক্লাবে দাঁড়িয়ে আবাহনীর ব্রাজিলিয়ান স্ট্রাইকার বলেন, ‘জার্সিটি আমাকে ভাগ্য এনে দিয়েছে। আগামীকাল (আজ) আমি আনিস নামেই খেলব! এই জার্সি পরে খেলতেও পারি।’ যদিও এই সম্ভাবনা একেবারেই নেই।
সেদিনের নিজের ভুলের গল্পটিও শুনিয়েছেন তোরেস, ‘মজার ব্যাপার হলো আমি ভুল করে জার্সিটা রুমে রেখে গিয়েছিলাম। তখন মাঠ থেকে এসে জার্সি নিয়ে যাওয়ার সময়ও ছিল না। সেখানে এই জার্সিটি ছিল। সেটা পরেই আমি খেলি।’
কিন্তু প্রশ্ন উঠতে পারে ‘আনিস’ নামের মানুষটি কে? আবাহনীতে এই নামের কোনো খেলোয়াড়ই নেই। শোনা যায় দলের কোনো বড় কর্তার নামে বানানো হয়েছিল জার্সিটি।