আন্তর্জাতিক চাপে ঘরোয়া সূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ফুটবল খেলা হয় না বলে একটা সময় হা-হুতাশ ছিল অনেক। কিন্তু বর্তমান সময়ে আন্তর্জাতিক ফুটবল এত বেশি হচ্ছে যে ঘরোয়া ফুটবলের জন্যই বরং অপেক্ষা বাড়ছে।
এক মৌসুম আগেও নভেম্বর-ডিসেম্বরের মধ্যে ঘরোয়া ফুটবল শুরু হয়ে যেত। কখনো কখনো তারও আগে। ২০১৩ সালে ২১ নভেম্বর ফেডারেশন কাপ দিয়ে মাঠে গড়ায় ফুটবল মৌসুম। ঘরোয়া সূচিটা এরপর থেকে আর আগের মতো চলছে না।
গত মৌসুম শুরু হয়েছিল ১৬ ফেব্রুয়ারি। ৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু কাপ শেষে মাঠে গড়ায় ফেডারেশন কাপ। লিগ শুরু ২ এপ্রিল। মাঝখানে আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা, মাঠ না পাওয়া ইত্যাদি কারণে ঘরোয়া খেলাটা গতি হারিয়ে ফেলেছিল।
আন্তর্জাতিক ব্যস্ত সূচির চাপে এবারও ঘরোয়া ফুটবল মাঠে নামতে দেরি হচ্ছে। সাফ ফুটবল হয়েছে গত মাসে। ২০ জানুয়ারি বঙ্গবন্ধু কাপ শেষে ২৮ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দলবদল। ৬-১৬ ফেব্রুয়ারি ভারতে এসএ গেমস। এই গেমস শেষে ১৮ বা ১৯ ফেব্রুয়ারি ঘরোয়া আয়োজন শুরু করতে চাইছে বাফুফে।
ফেডারেশন কাপ দিয়েই সাধারণত এত দিন মৌসুম শুরু হতো। এবার ব্যতিক্রমী চিন্তা। স্বাধীনতা কাপই হবে নতুন মৌসুমের প্রথম আয়োজন। কারণ মার্চে স্বাধীনতা কাপের জন্য সময় মিলবে না। এএফসি কাপে শেখ জামালের ঢাকায় ম্যাচ আছে ৮ ও ১৫ মার্চ। ২৪ মার্চ জাতীয় দল বিশ্বকাপ বাছাইপর্বে শেষ ম্যাচ খেলবে জর্ডানে। দুটি আয়োজনের জন্যই যথারীতি লম্বা বিরতি পাবে ঘরোয়া খেলা। এই সঙ্গে কয়েক দিনের জন্য বঙ্গবন্ধু স্টেডিয়ামও পাওয়া যাবে না। ২৬ মার্চের পর স্বাধীনতা কাপটা শেষ করা হবে।
মার্চে স্বাধীনতা কাপ শেষ হলে এপ্রিলে লিগ শুরু হয়ে টানা চার মাস খেলা হওয়ার কথা। জুলাইয়ে লিগ দিয়েই মৌসুম শেষ। এই ফাঁকে ১২, ২৬ এপ্রিল ও ১০ মে শেখ জামালের ম্যাচ আছে এএফসি কাপে। ওই সময়টা অবশ্য ঘরোয়া খেলা বন্ধ না রাখারই প্রতিশ্রুতি দিচ্ছে ফেডারেশন। কিন্তু ফেডারেশন কাপ কবে? এখানেই এবার বাফুফের চমক। ইউরোপের মতো লিগের ফাঁকে ফাঁকে ফেডারেশন কাপের খেলা এগিয়ে নেওয়া হবে! আগের মতো নির্দিষ্ট সময়ে ফেডারেশন কাপ এবার হবে না।
পেশাদার লিগের চেয়ারম্যান সালাম মুর্শেদী কাল বললেন, ‘লিগের ফাঁকে ফাঁকে ফেডারেশন কাপটা করব আমরা। টুর্নামেন্টের শেষ কয়েকটা ম্যাচ লিগের শেষে হয়তো করব।’ আন্তর্জাতিক সূচির কারণে ঘরোয়া খেলাটা একটানা চালানো যাচ্ছে না, সালাম সেটি জানেন, ‘কিছু করার নেই আমাদের। আমরা তো ইচ্ছা করে ঘরোয়া খেলা পিছিয়ে দিইনি।’