আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর শোয়েনস্টাইগারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির জার্সি গায়ে আর দেখা যাবে না শোয়েইনিকে। ফাইল ছবি।
জার্মানির জার্সি গায়ে আর দেখা যাবে না শোয়েইনিকে। ফাইল ছবি।

সেই ২০০৪ সালে অভিষেক। এর পর থেকে জার্মানি দলের মাঝমাঠের প্রাণভোমরা হয়ে আছেন। শব্দটা এখন ‘ছিলেন’ হয়ে যাচ্ছে, জার্মানি জাতীয় দল থেকে অবসর নিয়েছেন বাস্তিয়ান শোয়েনস্টাইগার। তবে ক্লাবের হয়ে খেলে যাবেন ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার। 

দুই বছর আগে বিশ্বকাপ জিতেছিলেন জার্মানির হয়ে। জিতেছেন চ্যাম্পিয়নস লিগও। তবু আন্তর্জাতিক ক্যারিয়ারে একটা শূন্যতা নিয়েই বিদায় নিলেন। ২০০৮ সালে ফাইনালে উঠেও ইউরো জেতা হয়নি, ওই অতৃপ্তি থেকে গিয়েছিল শোয়েইনির। এবারের ইউরেতেও সেই আক্ষেপ ঘুচল না। এতটুকু শূন্যতা মেনেই জাতীয় দলকে বিদায় জানালেন এক বছর আগে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখানো এই তারকা।
বিদায় ঘোষণা নিশ্চিত করে বলেছেন, ‘আমি লোকে (কোচ জোয়াকিম) বলেছি আমাকে যেন জাতীয় দলের জন্য আর বিবেচনা করা না হয়। দেশের হয়ে ১২০টি ম্যাচ খেলেছি। অনেক অবিশ্বাস্য ও দুর্দান্ত অভিজ্ঞতার সাক্ষী হয়েছি। লো জানতেন এবারের ইউরো আমার কাছে কতটা প্রার্থিত ছিল। সেই ১৯৯৬ সাল থেকে তো এটা জেতা হয়নি আমাদের। কিন্তু সেটা এবারও হলো না। এই বাস্তবতা মেনে নিতে হবে। ২০১৮ বিশ্বকাপের জন্য আমি দলকে শুভকামনা জানাচ্ছি।’
জার্মানির হয়ে শোয়েনস্টাইগারের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন তিনজন—লুকাস পোডলস্কি, মিরোস্লাভ ক্লোসা ও লোথার ম্যাথাউস।