দেখতে দেখতে শেষ হয়ে এল ২০১৫। এই বছর কেমন গেছে খেলাধুলার জগৎটা? পেছন ফিরে তাকালে উঠে আসবে প্রাপ্তি-অপ্রাপ্তি-আনন্দ-বেদনার বর্ণিল এক উপাখ্যান। ধারাবাহিক এই বর্ষপরিক্রমায় আজ বাংলাদেশের ফুটবল

সাফল্যে রঙিন নাকি শেষ বেলায় চূড়ান্ত হতাশা? বিদায়ী বছরে ঘরোয়া ফুটবলের প্রতীকী ছবির জন্য একটু অপেক্ষা করাই ভালো। কেরালায় চলমান সাফ টুর্নামেন্টের ফাইনাল ৩ জানুয়ারি, বাংলাদেশ সাফ জিতলে সেটি ২০১৬ সালের ঘরেই গৌরবের দাগ রাখবে। কিন্তু এও ঠিক, বিদায়ী বছরের রেশটা থাকবে তাজা ফুলের সুবাস ছড়ানোর মতোই।
২৮ তারিখ গ্রুপ পর্ব শেষে জানা যাবে বাংলাদেশের ভাগ্যরেখা। সে ক্ষেত্রে গ্রুপের গেরোতেই আটকে গেলে ২০১৫ সালে ঘরোয়া ফুটবলে নানা অর্জন অনেকটাই ম্লান হয়ে পড়বে বৈকি।
তবু কিছু সাফল্য ঢেকে রাখা যাবে না নিশ্চয়ই। জাতীয় দলের হাত ধরে কোনো ট্রফি আসেনি হয়তো, কিন্তু তৃণমূলে সোনালি রেখার দেখা মিলেছে। কদিন আগে নেপালে অনূর্ধ্ব-১৪ এএফসি নারী ফুটবল থেকে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে ফেরাটা বাংলাদেশের মহিলা ফুটবলে অগ্রগামিতার বড় উদাহরণ। তারও আগে অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবলে বাংলাদেশের কিশোরেরা বিজয় পতাকা উড়িয়েছে সিলেটের মাটিতে। হাজার হাজার দর্শক সিলেট স্টেডিয়ামে এসে দেখেছেন দেশের আগামী দিনের ফুটবলারদের কীর্তি।
ক্লাব পর্যায়ে শেখ জামাল ধানমন্ডির এএফসি কাপের বাছাইপর্বের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও তো কম নয়। কিরগিজস্তানের মাটিতে শ্রেষ্ঠত্ব দেখিয়ে শেখ জামাল ছাড়িয়ে গেছে নিজেদের। এই সাফল্য শুধু শেখ জামালের নয়, গোটা দেশের ফুটবলেরই।
কিন্তু এগিয়ে চলার এসব গল্প নয়, ২০১৫ সালটাকে বাংলাদেশের ফুটবল বেশি মনে রাখবে আন্তর্জাতিক ম্যাচ খেলার বছর হিসেবে। শুরুটা জানুয়ারি-ফেব্রুয়ারির বঙ্গবন্ধু কাপের ফাইনালে ওঠার সুবাদে চারটি ম্যাচ দিয়ে। এরপর নানা সময়ে চারটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলা হয়েছে। তবে সব ছাপিয়ে বছরজুড়ে বিশ্বকাপ বাছাইপর্বের সাতটি ম্যাচ খেলাই ছিল সবচেয়ে বেশি আলোচনায়। সাফে গ্রুপ পর্বে তিনটি যোগ করলে গোটা বছরে আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা দাঁড়ায় ১৮টি! তিন-চার বছর মিলিয়েও আগে এত ম্যাচ মিলত না। বছরটা তাই ব্যতিক্রম হয়েই থাকবে।

জাতীয় দল নিয়ে কাজ হয়েছে অনেক বেশি, ফুটবলাররা ব্যস্ত ছিলেন সারা বছর। আন্তর্জাতিক ফুটবলের অলিগলিতে ঘোরাফেরা করে তাঁদের অভিজ্ঞতার ভান্ডারও হয়েছে সমৃদ্ধ। মাত্র গোটা চারেক জয় হয়তো প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে চারবার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে দু-দুটি ম্যাচ খেলার দুর্লভ সুযোগই তো অনেক।
অস্ট্রেলিয়ার কাছে পার্থে পাঁচ গোলে হার। এরপর ঢাকায় নিরাপত্তার দোহাই দিয়ে দলটির আসতে গড়িমসি। শেষ পর্যন্ত এসে চার গোলে বাংলাদেশকে হারিয়ে যাওয়া...কত ঘটনা! জর্ডান, কিরগিজস্তানের সঙ্গে খেলাও বছরটাকে স্মরণীয় করে রাখছে। তবে ঠান্ডা আর বৃষ্টির কাছে নুয়ে পড়ে তাজিকিস্তানের মাটিতে পাঁচ গোলে হারটা হতাশাজনকই।

বাফুফের কোচ নিয়োগে অপেশাদারি কাজকারবার এই বছরেও পাল্টায়নি। বরং দৃষ্টিকটুভাবে তা আরও বেড়েছে। ডি ক্রুইফকে আনা হলো কেন, তাঁকে বাদ দিয়ে কেন হঠাৎ ফাবিও লোপেজের মতো একজনকে ধরে এনে কোচের চেয়ারে বসিয়ে দেওয়া হলো, উত্তর নেই। সাফ নিয়ে তাদের সুদূরপ্রসারী পরিকল্পনার অভাবও ভীষণ পীড়াদায়ক।
তবে বছরের শুরুতেই বঙ্গবন্ধু গোল্ডকাপ মাঠে নামিয়ে কাজী সালাউদ্দিনের নেতৃত্বে বাফুফের প্রতিশ্রুতি পূরণ ভালো লক্ষণই। একই টুর্নামেন্ট জানুয়ারির প্রথমার্ধেই আবার শুরু হচ্ছে, যা প্রশংসার দাবিদার। বাফুফের সহযোগিতায় সম্প্রতি চট্টগ্রাম আবাহনীর উদ্যোগে চট্টগ্রামে হওয়া শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্টটা তো বাড়তি সংযোজন।
এ ছাড়া প্রিমিয়ার লিগের স্পনসরশিপ ও এটি আয়োজনের সামগ্রিক দায়িত্ব নিতে এ বছরই চুক্তি করেছে লন্ডনভিত্তিক একটি প্রতিষ্ঠান। ভারতের মতো বাংলাদেশেও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ফুটবল আয়োজনের কথা চলছে। কয়েকটি প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগে এ বছরই এ নিয়ে ঘোষণা এসেছে। যা নতুন আশার ঝিলিক। কমলাপুর স্টেডিয়ামে টার্ফ বসাও একটা সুসংবাদ।
কিন্তু মোহামেডান, শেখ রাসেলকে সঙ্গে নিয়ে দলবদল ছয় মাস পেছানো ও লিগ না খেলার হুমকি দিয়ে লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল একটা আতঙ্কের চোরা স্রোতই ছড়িয়ে দিয়েছে। গত কয়েক বছর নিয়মিত হওয়া ঘরোয়া ফুটবল আকাশে এখন তাই কালো মেঘের আভাস। আরামবাগ ক্লাবের উচ্ছৃঙ্খল সমর্থকদের হাতে গত মঙ্গলবার বাফুফে ভবন আক্রান্ত হওয়াটাকেই বা কী বলা যায়? অবশ্যই কুলক্ষণ। কালির দাগ।