আন্দ্রেসিনহো নাম হলেই দুটি ব্যালন ডি'অর জিততেন ইনিয়েস্তা!
প্রায় ২২ বছরের সম্পর্ক। এমনা টান ছিন্ন করে বার্সেলোনাকে বিদায় বলে দিচ্ছেন আন্দ্রেস ইনিয়েস্তা। আন্দ্রেস ইনিয়েস্তার বিদায়ে সবার মুখেই শোনা যাচ্ছে স্তুতি বাক্য। সেই সঙ্গে প্রশ্নও উঠেছে, ক্ষণজন্মা এই স্প্যানিশ ফুটবলারকে যথার্থ সম্মান ফুটবল বিশ্ব দিয়েছে কি না। বিতর্ক উঠেছে ব্যালন ডি’অর নিয়েও। সময়ের সেরা মিডফিল্ডার ব্যালন ডি’অর পাননি, এটা অনেকের কাছেই বিস্ময়কর। চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ অধিনায়ক ও জাতীয় দলের সতীর্থ সার্জিও রামোসও প্রশ্ন তুলেছেন ইনিয়েস্তার ব্যালন ডি’অর না পাওয়া নিয়ে।
বিতর্ক উসকে দিয়েছে ফ্রান্স ফুটবল পত্রিকাই। ব্যালন ডি’অর পুরস্কারটি দেওয়া হয় এ পত্রিকার পক্ষ থেকে। তারাই কদিন আগে ঘটা করে ক্ষমা চেয়েছে ইনিয়েস্তার কাছে। এই মিডফিল্ডারের চীনে আওয়ার গুঞ্জন শুনেই এ সিদ্ধান্ত নিয়েছে তারা। কারণ সে ক্ষেত্রে ইউরোপিয়ান ফুটবলের সেরার পুরস্কারে আর কখনোই বিবেচ্য হবেন না ইনিয়েস্তা। এভাবে ক্ষমা প্রার্থনা যেন বিতর্কটা উসকে দিয়েছে আরও।
রামোসের ভাষায়, আন্দ্রেস ইনিয়েস্তার নাম যদি আন্দ্রেস না হয়ে আন্দ্রেসিনহো হতো, তবে তাঁর ভাগে দুটি ব্যালন ডি’অর থাকত। ব্রাজিলিয়ান কিংবা দক্ষিণ আমেরিকার খেলোয়াড়দের ক্ষেত্রে তারকা খ্যাতি বেশি জোটে। আর বিশ্বসেরার পুরস্কারের ক্ষেত্রে সেই তারকা খ্যাতির মতোই বেশি প্রাধান্য দেওয়া হয় এই ওই অঞ্চলের খেলোয়াড়দের। রামোস তো বলেই ফেললেন, ‘তাঁকে যদি ইনিয়েস্তা না ডেকে আন্দ্রেসিনহো ডাকা হতো, সে দুটি ব্যালন ডি’অর পেত।’
এর আগে ২০১৫ সালে পেপ গার্দিওলাও প্রায় এমন কথা বলেছিলেন। স্প্যানিশ তারকা পেদ্রোর চেলসিতে মাত্র ২৭ মিলিয়ন ইউরোতে যোগ দিয়েছিলেন। গার্দিওলা এত কম অঙ্ক দেখে বলেছিলেন, ‘পেদ্রো যদি ব্রাজিলিয়ান হতো তবে ওকে পেদ্রোইনহো ডাকা হতো। তখন আর ওকে কেনার মতো টাকা থাকত না কারও!’