আপসহীন এনরিকে
ভাবুক চেহারা। কপালে ভাঁজ। চাইলে কোনো স্কুলমাস্টারের সঙ্গে মেলাতে পারেন বার্সেলোনা কোচ লুইস এনরিকেকে। কিন্তু বার্সেলোনায় যোগ দেওয়ার পর খেলোয়াড়দের ওপর যেমন কড়াকড়ি আরোপ করেছেন, তাতে তাঁকে কড়া হেডমাস্টারই বলা যায়!
অনুশীলন শুরুর এক ঘণ্টা আগে মাঠে উপস্থিত হতে হবে, দলের খাবার টেবিলে দেরি করা যাবে না, খাবারের সঙ্গে অ্যালকোহল নেওয়া যাবে না, ম্যাচের দুই দিন আগে থেকে মধ্যরাতের আগেই ঘরে ফিরতে হবে—মে মাসে বার্সায় যোগ দেওয়ার পরই এসব নিয়ম চালু করেছেন। বিধিনিষেধ দিয়েছেন বাইক এবং স্কি রাইডিংয়ের ওপরও। নতুন করে এসব পুরোনো কাসুন্দি ঘাঁটার কারণ, খেলোয়াড়দের নিয়মানুবর্তী হওয়ার ওপর আরও জোর দিয়েছেন এনরিকে। অনুশীলন, দলীয় মিটিং কিংবা অন্য কোনো অনুষ্ঠানে এক মিনিট দেরি করলেই সংশ্লিষ্ট খেলোয়াড়কে ১৫০ পাউন্ড জরিমানার বিধান করেছিলেন। ম্যাচের দিন দেরি হলে এখন থেকে দ্বিগুণ অর্থাৎ ৩০০ পাউন্ড জরিমানা দিতে হবে খেলোয়াড়দের। শুধু তা-ই নয়, প্রথম ভুলের পুনরাবৃত্তি যতবার ঘটবে জরিমানার অঙ্কটা জ্যামিতিক হারে বাড়বে। ম্যাচের দিনগুলোয় একই ভুল দ্বিতীয় এবং তৃতীয়বার হলে জরিমানা দিতে হবে ৬০০ ও ১২০০ পাউন্ড। ভালো পারিশ্রমিক পাওয়া বার্সার খেলোয়াড়দের জন্য এই অর্থদণ্ডটা হয়তো সিন্ধুতে একটা বিন্দুর মতো, কিন্তু এর মাধ্যমে এনরিকে খেলোয়াড়দের এই বার্তাই দিচ্ছেন, নিয়মানুবর্তিতার সঙ্গে কোনো আপস নয়। মেল অনলাইন।