আপাতত প্রিমিয়ার লিগের সঙ্গে এসএলআই
ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ আয়োজনের প্রস্তাব নিয়ে ঢাকা এসেছেন যুক্তরাজ্যের সকার লিগ ইন্টারন্যাশনালের (এসএলআই) দুই প্রতিনিধি। কিন্তু কাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে আলোচনার পর গোটা বিষয়টা ঘুরে গেল অন্যদিকে। ফ্র্যাঞ্চাইজি ফুটবল নয়, আপাতত আগামী মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে কাজ করার প্রস্তাব রাখেন সালাউদ্দিন। সকার লিগ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল কবির ও প্রতিষ্ঠানের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জোনাথন জেমস তাতে সাড়া দিয়েছেন সানন্দেই।
বাংলাদেশের প্রিমিয়ার লিগটাই যেখানে ধুঁকছে, ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন তো দূর কল্পনা। তাই স্বপ্নের আকাশে না উড়ে সালাউদ্দিন পা রাখতে চান বাস্তবতার জমিনেই। প্রিমিয়ার লিগটা জমজমাট করতে যুক্তরাজ্যের প্রতিষ্ঠানটি ভূমিকা রাখলে সেটিই বরং এ দেশের ফুটবলের জন্য ফলপ্রসূ হবে বলে মনে করেন বাফুফে সভাপতি। চিত্রনাট্য এগোচ্ছে সেভাবেই। প্রিমিয়ার লিগ নিয়ে কাজ করতে গতকালই দুই পক্ষ একটি সমঝোতা স্মারক সই করেছে।
যুক্তরাজ্যের প্রতিষ্ঠানটি এর আগে বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করেনি। বাংলাদেশের পেশাদার লিগ তাই তাদের জন্য নতুন এক অভিজ্ঞতাই হবে। প্রতিষ্ঠানের দায়িত্ব কী হবে, সে সম্পর্কে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ দিলেন একটা ধারণা, ‘প্রিমিয়ার লিগের জন্য তারা স্পনসর আনবে। সুযোগ-সুবিধা যুগোপযোগী করা, ঢাকার বাইরের ভেন্যু বাড়ানো, ক্লাবগুলো কীভাবে আরও পেশাদার হতে পারে তা নিয়েও কাজ করবে। এ ছাড়া টেলিভিশনে ম্যাচগুলো সম্প্রচার করারও চিন্তাভাবনা আছে তাদের।’
সকার লিগ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল কবিরও বিষয়টিকে দেখছেন ইতিবাচকভাবে, ‘আমরা নিজেদের মূল লক্ষ্য থেকে সরে যাইনি। কিন্তু বাফুফে সভাপতি যে প্রস্তাব দিয়েছেন, তা আমাদেরও ভালো লেগেছে। প্রথমে প্রিমিয়ার লিগ নিয়ে কাজ করলে আমাদেরও এখানকার ফুটবল সম্পর্কে বুঝতে সুবিধা হবে।’
কীভাবে তারা স্পনসর আনবে, কীভাবে কাজ করবে, লিগটাই বা কীভাবে আয়োজন হবে—এসব নিয়ে অনেক প্রশ্ন। সব প্রশ্নের উত্তর পেতে আরও দু-তিন মাস অপেক্ষা করার কথা বললেন দুই পক্ষের কর্মকর্তারা। তাতে ভালো কিছু দেখা যাবে বলেই আশা জোনাথন জেমসের, ‘বাণিজ্যিকভাবে চিন্তা করলে এখানে প্রচুর সম্ভাবনা আছে। তাই আমরা এগিয়ে এসেছি।’