আফগান দলটি আসছে
আফগানিস্তানের ডি স্পিন গর বাজান ক্লাব আসতে পারবে না বলে জানিয়েছিল পরশু। পরদিনই তাদের রাজি করিয়ে ফেলল আয়োজকেরা। টিকিটও পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ স্পিন গর আসছে। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ তাই ২০-৩০ অক্টোবর দেশি-বিদেশি আটটি দল নিয়েই হবে।
১২ অক্টোবর ঢাকায় লোগো উন্মোচন ও ড্রয়ের পর কাল চট্টগ্রামেও সংবাদ সম্মেলন করল আয়োজক চট্টগ্রাম আবাহনী। তাতে জানানো হয়েছে, গ্রুপ পর্বে গ্যালারির টিকিটের দাম ৫০ টাকা, প্যাভিলিয়ন ১০০। সেমিফাইনালে প্যাভিলিয়ন ২০০ ও গ্যালারি ১০০। ফাইনালে গ্যালারি ১৫০, প্যাভিলিয়ন ৩০০ টাকা।
চট্টগ্রাম ক্লাবের স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন, টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব সাংসদ সামশুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী তরফদার রুহুল আমিন, ক্রীড়া সংগঠক আলী আব্বাস, সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর প্রমুখ।