আফগানদের কাছে এমন হার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শক্তিশালী প্রতিপক্ষকে সম্মান জানিয়ে লড়াইয়ের অঙ্গীকার করেছিলেন ফুটবলাররা। কিন্তু যুদ্ধের ময়দানে অঙ্গীকারের সঙ্গে প্রয়োজন প্রচুর গোলাবারুদও। সেই গোলাবারুদে সুসজ্জিত আফগানিস্তান নিখুঁত নিশানায় গুলি ছুড়ে সহজেই শিকার করল বাংলাদেশকে।
বাংলাদেশের সাফ অভিযানে এতে প্রায় দাঁড়িই পড়ে যাওয়ার অবস্থা। আফগানদের কাছে ছিন্নভিন্ন হওয়ার পর দক্ষিণ এশিয়ার ‘বিশ্বকাপে’ বাংলাদেশের আশা খুবই ক্ষীণ হয়ে পড়ল। আগামীকাল সামনে মালদ্বীপ, প্রথম ম্যাচে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে যারা পা দিয়ে রেখেছে। পরের দুটি ম্যাচ জিতলে বাংলাদেশের আশাও টিকে থাকবে, কিন্তু সেই আশা বোধ হয় এখন বাড়াবাড়িই।
অস্ট্রেলিয়ার কাছে মামুনুলরা চার গোলে হারেন, জর্ডানের সঙ্গেও তাই। বিস্ময়করভাবে আফগানিস্তানের কাছেও চার গোল হজমের বেদনায় কাল নীল হলো গোটা দল। আফগানরা শুধু মনের ‘বাঘ’ হয়ে ছিল না গত কিছুদিনে, বনের ‘বাঘও’ হয়ে উঠল মাঠের লড়াইয়ে।
কিন্তু হিসাবটা মেলানো যাচ্ছে না। গত জুনে ঢাকায় যে দলের সঙ্গে ম্যাচটি ১-১ ছিল, কয়েক মাসের ব্যবধানে সেই দল কী করে এতটা দাপট দেখায়? সহজ উত্তর—শারীরিক সক্ষমতা আর ফিটনেসের চূড়ায় উঠে গেছে আফগানিস্তান। এখানেই আসলে স্পষ্ট সীমানা দড়ি টানা হয়ে গেছে। সঙ্গে গতি কাজে লাগিয়ে নিজেদের মধ্যে আফগানরা এমনভাবে জায়গা বদলাল যে বাংলাদেশের খেলোয়াড়েরা পড়ে গেলেন গোলকধাঁধায়।
এমনিতেই আফগানিস্তানের এই দলের প্রায় সবাই ইউরোপের বিভিন্ন লিগে খেলেন। তাঁদের শক্তি সম্পর্কে বাংলাদেশের ধারণা ছিলই। কিন্তু এটা বোধ হয় জানা ছিল না, প্রতি-আক্রমণে দলটি প্রতিপক্ষকে স্রেফ খুন করতে পারে! প্রথম মিনিট কুড়ি মোটামুটি ভালোই খেলছিল বাংলাদেশ। জয়ের জন্য আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল। ৬ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডার ব্যাক পাস করতে গিয়ে ভুল করে বসেন। বলটা শাখাওয়াত রনি পেলে হয়তো জালেই চলে যায়। কিন্তু তিনি বলটা পেলেন না। ওটা গোল হলে ম্যাচের চিত্রনাট্য অন্য রকমও হতে পারত।
৩১ মিনিটে প্রথম গোলটার পর দৃশ্যপট বদলে গেল দ্রুত। বাংলাদেশ দলের স্নায়ুই যেন ক্ষয়ে গেল। তারই ফসল কিনা, প্রথম গোলটি কর্নার থেকে হেডে বল বাতাসে রেখেই জালে পাঠালেন মসিহ্ সাইগনি। গোলরক্ষক সোহেল এগিয়ে এসে কী করলেন বোঝা গেল না। পরের মিনিটেই দ্বিতীয় গোল তিন ডিফেন্ডারের ফাঁক গলে অধিনায়ক ফয়সাল শায়েস্তের শটে। ২-০ হওয়ার পর সোহেল রানা বক্সের ভেতর থেকে বল উড়িয়ে মারলেন বাইরে। আন্তর্জাতিক ম্যাচে এমন সুযোগ অবশ্যই কাজে লাগানো উচিত।
উল্টো ৪০ মিনিটে ৩-০! পাল্টা আক্রমণে বাঁ দিকে থ্রু ধরেন জুবায়ের আমিরি, একটু আগেই চোটগ্রস্ত নাসিরুলের জায়গায় নামা তপু বর্মণকে ছিটকে দিলেন গতিতে। বাকি কাজটা করলেন ঠান্ডা মাথায়, হঠাৎই যেন ছত্রখান বাংলাদেশ দল।
বিরতির পর এই দল ঘুরে দাঁড়াবে—অতি আশাবাদীও ভাবতে সাহস পাননি। এই অর্থে বল পজেশনটা তুলনামূলক একটু ভালো হলেও আফগান রক্ষণ ভাঙার শক্তিটা থাকল না। উল্টো ৬৯ মিনিটে বদলি স্ট্রাইকার খাইবার আমানি চতুর্থ গোলটা করে ম্যাচটাকে করে তোলেন আরও একপেশে।
কোচ মারুফুল হক আগের দিন বলেছিলেন, তাঁর দল উইংয়ে বলটা বেশি রাখবে, যাতে প্রতিপক্ষের দুই সাইড ব্যাক উঠতে না পারেন। কিন্তু কোথায় কী, বাংলাদেশের খেলোয়াড়দের পায়ে বল পড়লেই দুটি পাস খেলে হারিয়ে ফেলেছে। তাই অন্তত ষাটের ওপরে বল পজেশন আফগানদেরই। তারা প্রেসিং করে বল কেড়ে নিয়েছে দ্রুতই। ফলে বাংলাদেশের আক্রমণ দানা সেভাবে বাঁধেনি। ১:১ অবস্থায় বল জিতেছে আফগানরা, যা তাদের এগিয়ে দিয়েছে অনেকটাই।
বাংলাদেশের ফুটবলারদের সামর্থ্যের অভাব? নাকি একটা বাজে দিন? খেলা দেখে মনে হয়েছে প্রথমটিই। আফগানরা এত এগিয়ে গেছে যে বাংলাদেশের পক্ষে তাদের রোখা ছিল কঠিন। তবে রক্ষণাত্মক কৌশল থাকলে হয়তোবা ব্যবধান ৪-০ হয় না। বাংলাদেশ জয়ের জন্য ঝাঁপিয়েই গোলের রাস্তা করে দিয়েছে। ভুল পাস থেকে বল দিয়েছে প্রতিপক্ষের পায়ে। রক্ষণের কথা না বলাই ভালো। এত কাঁচা রক্ষণ নিয়ে গোল খেতেই হবে।
শুধু রক্ষণ কেন, মাঝমাঠও প্রাণহীন। মামুনুল খেলাটা তৈরি করতে পারলেন না। দুই উইঙ্গার জাহিদ ও হেমন্তকে খুঁজেই পাওয়া যায়নি। তাঁরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন সব। বাকিরাও তথৈবচ। রনির মিস করা নিয়ে কথা হচ্ছে, কিন্তু ঘটনা হলো ঘরোয়া ফুটবলে এই স্ট্রাইকার সারা বছর বসে থাকেন, আন্তর্জাতিক ম্যাচে গোল করবেন কীভাবে? এই প্রশ্নের চেয়ে বড় হয়ে উঠছে, বাংলাদেশ আসলে কোন পথে চলেছে?