আফগানদের কাছে নেপালিদের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনে গতকাল গ্যালারি মাতিয়ে রেখেছিলেন কিছু বিদেশি দর্শক। নেপালের মানাং মার্সিয়াংদি ও আফগানিস্তানের শাহিন আসমাই এফসির খেলা দেখতে দুই দেশের জনা পঞ্চাশেক শিক্ষার্থী এসেছিলেন। প্যাভিলিয়নের দুই পাশে বসে তাঁরা নিজ নিজ দেশের পতাকা নেড়ে হইহুল্লোড় করে সমর্থন জানান নিজেদের দলকে।
শেষ পর্যন্ত আফগানদেরই জয় হয়েছে। অধিনায়ক আমিরুদ্দিন শরিফির হ্যাটট্রিকে শাহিন এফসি ৩-১ গোলে মার্সিয়াংদিকে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে সেমির দৌড়ে ঠিকে রইল। আগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে হারা দলটি দুই ম্যাচ থেকে পেয়েছে ৩ পয়েন্ট। সমান ম্যাচে মার্সিয়াংদিরও ৩ পয়েন্ট। তারা প্রথম ম্যাচে মোহামেডানের বিপক্ষে জিতেছিল।
শরিফি প্রথম গোল পান ৩৭ মিনিটে। আনোয়ার আকবরির থ্রু থেকে বল পেয়ে ডি-বক্সের মাথা থেকে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন শরিফি (১-০)। পরের মিনিটে মার্সিয়াংদির অনিল গুরুংয়ের হেড গোলরক্ষককে পরাস্ত করলেও বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার। সমতায় ফিরতে না পারার এ সুযোগটিকে নেপালি কোচ লুপাসেং গুরুং ম্যাচের প্রথম টার্নিং পয়েন্ট মনে করছেন।
দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া মার্সিয়াংদি আরও পিছিয়ে পড়ে ৬৫ মিনিটে। ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে শরিফিই কোনাকুনি শটে বল জালে জড়ান (২-০)।
৭২ মিনিটে সজল শ্রেষ্ঠার কর্নার থেকে বদলি ডিফেন্ডার বিমল বাসনেট হেড দিয়ে ব্যবধান কমান (২-১)। কিন্তু দুই মিনিট পর পেনাল্টি থেকে শরিফি হ্যাটট্রিক পূর্ণ করেন, ম্যাচে ফেরার আশা নিভে যায় নেপালিদের। তবে মার্সিয়াংদি কোচের চোখে এই পেনাল্টিটি বিতর্কিত এবং ম্যাচের দ্বিতীয় টার্নিং পয়েন্ট।