বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের প্রথম দুটি ম্যাচ দ্রুতই এগিয়ে আসছে। ১১ জুন কিরগিজস্তান ও ১৬ জুন তাজিকিস্তানের সঙ্গে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে লড়াই। ম্যাচ দুটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিজেদের পরিকল্পনা সাজাচ্ছে বাফুফে।
এরই অংশ হিসেবে বিদেশি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচের আয়োজন। সেই ম্যাচ খেলতে একটি দলও ঠিক হয়েছে—আফগানিস্তান। সব ঠিক থাকলে ৪ জুন বাংলাদেশ-আফগানিস্তান প্রীতি ম্যাচ হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম কাল জানালেন, ‘আফগানিস্তানের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা ঢাকায় একটা ম্যাচ খেলতে আসছে। ওরা মালদ্বীপে প্রীতি ম্যাচ খেলে সেখান থেকেই ঢাকা আসবে।’
৪ জুনের আগে আরও একটি ম্যাচ খেলতে চায় বাফুফে। প্রতিপক্ষ হতে পারে সিঙ্গাপুর বা মিয়ানমার। কোচ লোডভিক ডি ক্রুইফ ওই ম্যাচটি সিঙ্গাপুর গিয়ে খেলতে চেয়েছেন। এটা শুনে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সাফ জানিয়ে দিয়েছেন, দুটি হোম ম্যাচের জন্য প্রস্তুতি ম্যাচ অবশ্যই নিজেদের মাঠে খেলা উচিত এবং সেটাই করবে ফেডারেশন। কোচ চাইলেও আপাতত দলকে বাইরে পাঠানো হবে না।
ডি ক্রুইফ আগামীকাল সকালে ঢাকায় আসছেন। দুপুরেই তাঁকে নিয়ে বসবেন সালাউদ্দিন। কিরগিজস্তান ও তাজিকিস্তানের ম্যাচ দুটিকে অগ্রাধিকার তালিকার শীর্ষে রেখে কীভাবে কী করা যায় তা নিয়েই আলোচনা হবে। কোচকে নিয়মিত লিগের খেলা দেখে সেরা ফর্মের খেলোয়াড় নিয়েই দল গড়তে পরামর্শ দেওয়া হবে।
এর আগে বাফুফের সঙ্গে স্থায়ী চুক্তি থাকতেই কোচ ঢাকায় থাকতেন না। ম্যাচের কয়েক দিন আগে আসতেন। এখন তাঁর সঙ্গে স্থায়ী চুক্তি নেই। ‘কাজ করলে বেতন’ ভিত্তিতে চুক্তি। তবে বিশ্বকাপ ও এশিয়ান কাপের এই বাছাইপর্বটা গুরুত্বপূর্ণ হওয়ায় ম্যাচের দেড় মাস আগেই ক্রুইফকে নিয়ে আসা হচ্ছে। বাফুফে-ক্রুইফ সম্পর্কের ক্ষেত্রে এটি ব্যতিক্রমই।
এত দিন ঘরোয়া খেলা না দেখেই দল গড়তেন ডি ক্রুইফ। খেলোয়াড় বাছাইয়ের কাজটা মূলত করে এসেছেন স্থানীয় কোচরা। তবে ‘মিশন জুন’ সামনে রেখে কোচ যাতে নিজে খেলোয়াড়দের পারফরম্যান্স মাঠে বসে দেখেন, সেটি নিশ্চিত করতে চান সালাউদ্দিন। তাঁর কথা, ‘এই দুটি ম্যাচে ভালো করতে শুধু কোচকে আগে আনা নয়, প্রয়োজনীয় সবই করব আমরা।’