আফগানিস্তান জয়ের রণকৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরুতেই কঠিন প্রতিপক্ষ আফগানিস্তান। আগের দিন মামুনুলদের রণকৌশল বুঝিয়ে দিচ্ছেন কোচ মারুফুল হক l ছবি: বাফুফে
শুরুতেই কঠিন প্রতিপক্ষ আফগানিস্তান। আগের দিন মামুনুলদের রণকৌশল বুঝিয়ে দিচ্ছেন কোচ মারুফুল হক l ছবি: বাফুফে

আফগানিস্তান ম্যাচের আগে একসময় অত চিন্তার কিছু থাকত না বাংলাদেশের। মাঠে যাওয়া আর নিজেদের স্বাভাবিক নৈপুণ্যটা দেখানোর ওপরই থাকত আসল আলোটা। কিন্তু সেই সময় পেরিয়ে এখন আফগানিস্তান মানে নিরন্তর খাতাকলমে ছক কষা, স্নায়ুপীড়নের সঙ্গে কপালে বড় বড় চিন্তার ভাঁজও।
শক্তির পার্থক্য দুদলের মধ্যে স্পষ্টই একটা সীমারেখা টেনে দিচ্ছে। তবে সেটির চেয়েও আফগানরা এখন বড় এক মানসিক বাধাও বাংলাদেশের সামনে। মামুনুলরা যতই মনের জোরে প্রথম ম্যাচটা পেরিয়ে সাফের মঞ্চ রাঙাতে চান, মাঠে সবকিছু ঢেলেও চ্যাম্পিয়ন আফগানদের বশ মানানো কঠিনই।
টেকনিক ও স্কিলের দিক থেকে হয়তো দুদলই সমান। তবে টেকটিক্যালি ও শারীরিক সক্ষমতায় আফগানদের অগ্রগামিতা তর্কাতীত। কোচ মারুফুল হক তাই পরিকল্পনাটা সাজিয়েছেন একটু অন্যভাবে। তাঁর প্রথম ছকই হবে উইং প্লেটা যেন আজ অনেক বেশি করা যায়। মাঝমাঠ থেকে বল দুই উইংয়েই বেশি নেওয়ার চিন্তা। এ ক্ষেত্রে দুই উইঙ্গার জাহিদ ও হেমন্তের ভূমিকাটা অনেক বেশি থাকবে। কারণটা হলো, আফগানদের বাঁ এবং ডানদিকের দুই ডিফেন্ডারই প্রচুর ওঠানামা করেন। এটা থামাতেই উইংয়ে বলটা বেশি চালাচালি করা হবে, যাতে দুই সাইড ব্যাক ওপরে উঠতে না পারেন।
এমন দিনে জামাল ভূঁইয়া থাকলে ভালো হতো। কিন্তু এখনো তিনি ফিটনেস ফিরে পাননি বলে এই ডিফেন্সিভ মিডফিল্ডার আজ নেই। তবে আশা করা হচ্ছে, দ্বিতীয় ম্যাচে জামালকে মাঠে নামানো যাবে। জামালের জায়গায় মোনায়েম রাজুর ওপর আস্থা রাখছেন কোচ। তাঁকে সেভাবেই তৈরি করা হয়েছে গত কয়েক দিনে।
রাজু এখানে এসে পড়েছেন মহাসমস্যায়। বেচারার ব্যাগেজ আসেনি ঢাকা থেকে। যাতে রয়েছে বুট-টুট সবই। অগত্যা সতীর্থদের বুট দিয়েই আজকের মহাগুরুত্বপূর্ণ ম্যাচটা চালিয়ে নিতে হবে। তাঁর কাজ হবে মাঝমাঠে মামুনুল ও সোহেল রানাকে বল জোগান দেওয়া। মামুনুলের সঙ্গে হঠাৎ হঠাৎ জায়গা বদল করেও খেলবেন, যাতে প্রতিপক্ষ একটু ধাঁধায় পড়ে। মামুনুল মাঝে মাঝে নিচে নেমে আসেন, ওই সময়টা রাজু থাকবেন ওপরে। মামুনুল ও সোহেল রানার মধ্যেও জায়গা বদল করে খেলার নির্দেশনা আছে কোচের।
‘আফগানিস্তান যেহেতু এগিয়ে, তাই আমাদের কৌশলী ফুটবল খেলতে হবে। পরিকল্পনাগুলো ঠিকঠাক অনুসরণ করা গেলে আশা করি ম্যাচটা আমরা পেরিয়ে যাব’—মারুফুল লড়াইয়ের আগে আত্মসমর্পণ করার পাত্র নন। ‘ভালো কিছুর’ নেশায় তিনি এখন মগ্ন।
মারুফের ম্যাচ পরিকল্পনা অনেকটা ডি ক্রুইফের মতো। ৪-৩-৩ ছকে তাঁর মূল স্ট্রাইকার শাখাওয়াত রনি। এমিলি না থাকায় রনির ওপরই গোলের বড় দায়িত্ব বর্তাচ্ছে। আর দায়িত্ব পালনে নিজেকে প্রস্তুত বলেই ঘোষণা করেছেন নেপালের সঙ্গে প্রস্তুতি ম্যাচে দারুণ হেডে জয়সূচক গোল করে। আজও এই স্ট্রাইকারকে তৈরিই দেখাচ্ছে, ‘আফগান ডিফেন্ডারদের নিয়ে অনেক কাজ করেছি আমরা। আমার তো আশা, ওদের শক্তিশালী ডিফেন্স ভেঙে একটা গোল করে দলকে জেতাব।’
আফগানদের সেট পিচগুলো খুবই বিপজ্জনক। এদিকেও বাড়তি মনোযোগ রাখতে হবে। আফগানরা বক্সের আশপাশে ফ্রি-কিক আদায় করে নিতে চায়। থাইল্যান্ডে খেলা ৮ নম্বর জার্সিধারী অধিনায়ক ফয়সাল শায়েস্তে ফ্রি-কিকে সিদ্ধহস্ত। হল্যান্ডে বেড়ে ওঠা ফয়সাল হোটেল লবিতে দাঁড়িয়ে ফুরফুরে মেজাজে বলছিলেন, ‘গত সাফের চ্যাম্পিয়ন দল থেকে মাত্র দুজন খেলোয়াড় আছে এবার। দুই-তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ই নেই। তবে এতে সমস্যা দেখছি না। ইউরোপের বিভিন্ন দেশে খেলা খেলোয়াড়ের স্রোত আফগান জাতীয় দলে প্রতিদ্বন্দ্বিতা এনে দিয়েছে অনেক। নতুন নতুন খেলোয়াড় আসছে।’
এই আফগানিস্তান একটু যেন অচেনাই, মারুফুল তবু চান শুরুতেই জয়ের জন্য ঝাঁপাতে। পরিস্থিতি ভিন্ন হলে কৌশল পাল্টে যাবে। কৌশল যেমনই হোক, ডিফেন্ডার নাসির উদ্দিনের ওপর গুরুদায়িত্ব। কাল দুপুরে বুটজোড়া নিয়ে রুম থেকে বেরিয়ে অনুশীলনে যাওয়ার পথে বলছিলেন, ‘যুদ্ধের জন্য তৈরি আমরা। যুদ্ধ করব, হারের আগে হারব না।’
আফগান-জয়ের এটিই আসলে অলক্ষ্যে বাজা বাংলাদেশ দলের রিংটোন।