আফগানিস্তান মিশনে শিষ্যদের 'হোম ওয়ার্ক'-এ সন্তুষ্ট জেমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিষ্যদের নিয়ে অনুশীলনে জেমি ডে। ছবি: তানভীর আহাম্মদ
শিষ্যদের নিয়ে অনুশীলনে জেমি ডে। ছবি: তানভীর আহাম্মদ
>বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে বাংলাদেশের অনুশীলন শুরু হয়েছে আজ। প্রথম দিনের অনুশীলনে খেলোয়াড়দের ফিটনেস দেখে সন্তুষ্ট জাতীয় দলের কোচ জেমি ডে

প্রায় আড়াই মাস পর শিষ্যদের নিয়ে মাঠে নেমেছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। সামনে নতুন লক্ষ্য বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্ব। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু এ বাছাইপর্ব শুরু হবে ১০ সেপ্টেম্বর। আজ আফগানিস্তান মিশনে প্রথম দিনের অনুশীলনে শিষ্যদের ফিটনেস নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন জেমি।

লিগ শেষ হয়ে যাওয়ার পর প্রায় তিন সপ্তাহের বিরতি। এ সময়ের মধ্যে খেলোয়াড়দের ফিটনেস খারাপ হওয়ার শঙ্কা ছিল। তবে আজ সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রায় দুই ঘন্টার অনুশীলনে জামাল ভূঁইয়াদের দেখা গেল বেশ চনমনে। রানিং, বল ওয়ার্ক ও ছোট পরিসরে ম্যাচ অনুশীলন করিয়ে শিষ্যদের শারীরিক অবস্থা বোঝার চেষ্টা করলেন জেমি। অনুশীলন শেষে খেলোয়াড়দের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি, ‘আমি খেলোয়াড়দের ফিটনেসে সন্তুষ্ট। তাদের যেভাবে হোম ওয়ার্ক দেওয়া হয়েছিল, সেভাবে পালন করেছে। ’ প্রথম দিনে আবাহনীর ৭ ফুটবলার বাদে বাকি ১৯ জনই যোগ দিয়েছেন ক্যাম্পে।

বাংলাদেশ দল ঢাকায় এক সপ্তাহ অনুশীলন করে ১ সেপ্টেম্বর চলে যাবে প্রথম ম্যাচের ভেন্যু তাজিকিস্তানের দুশানবে। সেখানেই ১০ সেপ্টেম্বর আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ। ম্যাচের আগ পর্যন্ত দুশানবেই অনুশীলন করবে বাংলাদেশ। সেখানেই দুটি প্রস্তুতি ম্যাচ খেলা হবে স্থানীয় দলের সঙ্গে।

আফগানিস্তান ছাড়া বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে আছে কাতার, ওমান ও ভারত। বাছাইপর্বে ভালো করার সুযোগ দেখছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। কাতারকে গ্রুপের শীর্ষে দেখছেন সবাই। দ্বিতীয় ভাবা হচ্ছে ওমানকে। তবে বাংলাদেশ অধিনায়ক দ্বিতীয় স্থানের লড়াইয়ে রাখতে চান নিজেদেরও, ‘অবশ্যই আমরা লড়াই করব গ্রুপে দ্বিতীয় স্থান পেতে।’ যদিও গ্রুপিং দেখে জামাল বলেছিলেন, ভারত ও আফগানিস্তানের বিপক্ষে জয় চান। তবে এখন তাঁর প্রত্যাশা আরও বড়।

জামাল মানসিক শক্তি পাচ্ছেন জেমি ডের অধীনের সাম্প্রতিক ফল দেখে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘জেমি আসার পর গত ১৪ মাসে আমরা ভালো ফুটবল খেলেছি। আশা করি, বিশ্বকাপ বাছাইয়েও ভালো করব। র‌্যাঙ্কিং এখানে বড় বিষয় নয়। ’ যেহেতু আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে লম্বা বাছাইপর্ব শুরু তাই আপাতত সে ম্যাচের দিকেই তাকিয়ে জামাল, ‘আফগানিস্তানের বিপক্ষে আমাদের জয়ের সুযোগ আছে। সে সুযোগ নিতে আমরা ১০ সেপ্টেম্বরের আগেই তৈরি হয়ে যাব। আমরা জয়ের লক্ষ্য নিয়েই ক্যাম্প শুরু করছি। ’

বাংলাদেশ অধিনায়কের কথা শুনলে ভালো লাগবে যে কারোরই। তবে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের রেকর্ড আশাবাদী হতে দেয় না। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ের ৮ ম্যাচে মাত্র ১ পয়েন্ট পেয়েছিল বাংলাদেশ। বাকি ৭ ম্যাচে হার এবং সব মিলিয়ে ৩২ গোল হজম করে তারা। তবে সময় গড়ানোর সঙ্গে নতুন করে আশা তো করাই যায়।