আফগানিস্তানকে জিততে দিল না বাংলাদেশ

তপুর গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ।ছবি: বাফুফে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তপু বর্মন যেন বুক থেকে পাষাণভার নামিয়ে দিলেন সবার। দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে এক গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ আফগানিস্তানকে জয়-বঞ্চিত করেছে তাঁর গোলেই। দারুণ বুদ্ধিদীপ্ত সেই গোল আবার ছড়িয়েছে আক্ষেপই। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ আজ যেভাবে আফগানদের চেপে ধরেছিল, তৈরি করেছিল গোলের সুযোগ, তাতে জিতে মাঠ ছাড়তে না পারার কষ্টটা থাকছেই। তবে যেকোনো বিচারে শক্তিমত্তায় এগিয়ে থাকা আফগানিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে জয়ের মতোই স্বস্তি বাংলাদেশের।

আফগানদের চ্যালেঞ্জ ছুঁড়েছে বাংলাদেশ গোটা ম্যাচেই।
ছবি: বাফুফে

২০১৯ সালের সেপ্টেম্বর তাজিকিস্তানের দুশানবেতে বাছাইপর্বের প্রথম পর্বের মতো এ ম্যাচেও ৪-২-৩-১ ফরমেশনে দল সাজিয়েছিলেন বাংলাদেশ কোচ। রাইট ব্যাক হিসেবে এ ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীর। যা খেলেছেন তাতে ২০ বছর বয়সী এ ডিফেন্ডারকে নিয়ে আশাবাদী হওয়াই যায়। জামাল ভূঁইয়ার সঙ্গে ‘ডাবল পিভট’ মিডফিল্ডার হিসেবে খেলেছেন সোহেল রানা। শুরুতে এলোমেলো পাস আর বলের দখল হারিয়ে সবার মন খারাপই করছিল বাংলাদেশ দল। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে গুছিয়ে উঠে আফগানদের ভালোই চোখ রাঙিয়েছে মতিন-জামালরা-মাসুক মিয়ারা। ৬ মিনিটে গোলের সুযোগ তৈরি করেছিল। জামালের থ্রু থেকে মাসুক মিয়া বক্সে ঢুকে কাট ব্যাক করলে তা আফগান ডিফেন্ডারের গায়ে লাগে। এর পরে দুইবার বাংলাদেশকে রক্ষা করেছেন গোলকিপার আনিসুর রহমান। ১৯ মিনিটে আমির শাহিরির শট বাংলাদেশ ডিফেন্ডারের গায়ে লেগে পোস্টে ঢোকার মুখে দলকে রক্ষা করেন আনিসুর। ৩৩ মিনিটে বাংলাদেশ গোলকিপারের বড় পরীক্ষা নিয়েছেন আফগান অধিনায়ক ফারশাদ নূর। এ মিডফিল্ডারের বাঁ পায়ের শট বাঁ দিকে ঝাঁপিয়ে দারুণভাবে রক্ষা করেন তিনি।

গোলের পর অধিনায়কের বাঁধভাঙা উল্লাস।
ছবি: বাফুফে

বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করে আফগানরা। ৪৮ মিনিটে এগিয়েও যায় তারা। ডান প্রান্ত থেকে আহমেদ নাজিমের কাট ব্যাকে বক্সের মধ্যে বাম পায়ের শটে গোলটি করেন আমির শরিফি। এতে দায় এড়াতে পারবেন না বাংলাদেশের ডিফেন্ডাররা। আনমার্কড ছিলেন আফগান এই ফরোয়ার্ড। গোল হজম করে ম্যাচে অলআউট কৌশলই নেন বাংলাদেশ কোচ জেমি ডে। পাঁচজনকে বদল করেন। মাঠে নামান মানিক হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ জুয়েল, মেহেদি হাসান ও রিমন হোসেনদের। তরুণ ফুটবলাররা আফগানদের ওপর চেপে বসে। ৫৮ মিনিটেই দুই বদলি মানিক ও আবদুল্লাহর রসায়নে এগিয়ে যেতে পারত বাংলাদেশ। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি মিস করেছেন আবদুল্লাহ। মানিকের লম্বা পাসে আফগান গোলকিপারকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি এই মিডফিল্ডার। বল গোলে ঠেললেও সেটি দুর্ভাগ্যবশত লেগে যায় গোলকিপারের পায়ে। ৮৪ মিনিটে অবশ্য সুযোগ হাতছাড়া করেনি বাংলাদেশ।

মতিন মিয়া–তারিক কাজীরা আশান্বিত করেছেন
ছবি: বাফুফে

বাংলাদেশের ত্রাণকর্তা হয়ে আসেন সেন্টারব্যাক তপু। মানিকের লম্বা পাস হেড করে বক্সের মধ্যে রিয়াদুল হাসান নামিয়ে দিলে চকিতে ঘুরে ডান পায়ের শটে গোলটি করেন এ রক্ষণ-সেনা। এর পর উজ্জীবিত বাংলাদেশ আফগানদের পরীক্ষা নিলেও আবদুল্লাহর সেই মিসটিই আক্ষেপ হয়ে থাকে দলের জন্য। তবে ড্র ম্যাচে অর্জন নেহাতই মন্দ নয় বাংলাদেশের। এ ম্যাচ তারিক কাজীর মতো এক রক্ষণ সেনাকে খুঁজে নিল। তরুণ-তুর্কিরাও জানান দিয়ে রাখলেন সামনের দিনগুলো হতাশার নয়, বরং সম্ভাবনারই।