আফগানিস্তানে ফিস্টার, বাফুফের গঞ্জালো
বাফুফে কোচ খুঁজে পায় না। তাই জাতীয় দলের কোচ নিয়োগ পিছিয়ে গেছে।
এই ফাঁকেই খবর এসেছে আফগানিস্তান তাদের নতুন কোচ করেছে অটো ফিস্টারকে। প্রায় ৮০ বছরের একজনকে কোচ করার পেছনে আফগান ফুটবল ফেডারেশনের যুক্তিও আছে। ফিস্টারের অভিজ্ঞতা কাজে লাগানো। শারীরিকভাবে হয়তো তিনি এখন আর আগের মতো সক্রিয় নন, কিন্তু মাথাটা তো অনেক ক্ষুরধার।
এই অটো ফিস্টার একসময় বাংলাদেশের কোচ ছিলেন। ১৯৯৫ সালে তাঁর হাত ধরেই মিয়ানমার থেকে আসে দেশের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক ট্রফি। এরপর বাংলাদেশে অনেক কোচ এসেছেন-গেছেন। কখনো ইউরোপীয়, কখনো লাতিন। এশীয় কোচও এসেছেন। দায়িত্ব পেয়েছেন দেশি কোচও। কিন্তু আজ পর্যন্ত একটা নীতিমালা হলো না। বাংলাদেশের ফুটবল কোন পথে এগোবে, কী হওয়া উচিত-আগামীর পরিকল্পনা।
বাফুফে একটা পরিকল্পনা অবশ্য গত ১০ ডিসেম্বর দিয়েছে। কিন্তু তাতে সুস্পষ্ট বলা নেই জাতীয় দল নিয়ে ভবিষ্যতের লক্ষ্যটা কী। অবশ্য একটা কাজ এরই মধ্যে করা হয়েছে। সেটি হলো, মেরোনো গঞ্জালোকে আবার কোচ হিসেবে নিয়োগ দেওয়া। বার্সেলোনার একাডেমির ছাত্র ছিলেন গঞ্জালো। বার্সা ‘বি’ দলের হয়ে একটা ম্যাচও খেলেন। সম্প্রতি স্ত্রীর চাকরির সূত্রে ঢাকা এসে প্রথমে বাফুফের যুব দলের কোচ হলেন। কিন্তু যুব দল নিয়ে তাঁকে কাজ করতে তেমন দেখাই গেল না!
গত বছর পাঠানো হলো এসএ গেমসে অনূর্ধ্ব-২৩ দলের কোচ হিসেবে। এর আগে বঙ্গবন্ধু কাপে অনূর্ধ্ব-২৩ দলের কোচ ছিলেন। সেখান থেকে পদোন্নতি পেয়ে হয়ে গেলেন বাংলাদেশ জাতীয় দলের কোচ।
জর্ডানে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে গঞ্জালোর বাংলাদেশ আম্মানে ৮ গোল হজম করে আসে। তারপর কিছুদিনের বিরতি। এখন আবার সেই গঞ্জালো বাফুফের কোচ। এবার তাঁর পদবি, ‘হেড অব প্লেয়ার্স ডেভেলপমেন্ট।’ সব পর্যায়ের খেলোয়াড়দের পারফরম্যান্স উন্নয়নে কাজ করাই তাঁর দায়িত্ব। বাফুফের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, গঞ্জালোর নিয়োগের ব্যাপারে তিনি কিছুই জানেন না। তবে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের কথা, ‘গঞ্জালোর নিয়োগের ব্যাপারে তো চার বছরের পরিকল্পনাতেই বলা আছে।’
গঞ্জালোকে নিয়ে বাফুফের এখন বিদেশি কোচ চারজন। পল স্মলি বাফুফে কৌশল নির্ধারণী পরিচালক। তাঁর নির্দেশনাতেই এখন বাফুফের টেকনিক্যাল কাজগুলো চলছে। বাকি দুজনের একজন ‘হেড অব ফিটনেস’ জন হুইটেল। অন্যজন গোলকিপিং কোচ রায়ান সেন্ডফোর্ড।
পঞ্চম ব্যক্তি হবেন জাতীয় দলের কোচ। আর সেই কোচের খোঁজে জীবনবৃত্তান্ত চাওয়ার কথা জানালেন বাফুফের জাতীয় দল কমিটির সদস্য বাদল রায়। তাঁর কথায় বোঝা গেল, আগামী মাসে বঙ্গবন্ধু কাপের আগে বিদেশি কোচ পাওয়া যাবে না। বিদেশি যে চারজন আছে তাঁদের দলের সঙ্গে রাখার কথা বললেন। এই টুর্নামেন্টে বোঝা যাবে বিদেশিদের কাছ থেকে আখেরে ফলটা কেমন পাওয়া যাচ্ছে।
ওদিকে হল্যান্ডে বসে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন লোডভিক ডি ক্রুইফ। দুই দিন আগে এই প্রতিবেদককে বলেন, ‘বাংলাদেশ থেকে তো অনেক ম্যাসেজ পাচ্ছি, কবে ঢাকা যাব? সর্বশেষ খবর কী? সর্বশেষ খরবটা দিলেন বাদল রায়, ‘ক্রুইফের ব্যাপারে আর আগ্রহ নেই। সে কোচ হিসেবে খারাপ নয়। কিন্তু পুরোনো নাটক করে লাভ নেই। ফেডারেশন টাকা দিতে পারবে না, সে চলে যাবে। হল্যান্ডে বসে কাজ করবে। এটা তো হয় না!’
অথচ যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের কোচ টাকা না পেয়ে চলে গেছেন, এমন খবর কখনো শোনা যায়নি। একটা পরিকল্পনা নিয়ে এগিয়ে তারা সাফ চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ সর্বশেষ তিন সাফে গ্রুপ পর্বই টপকাতে পারেনি। অটো ফিস্টারের মতো মস্তিষ্ক কাজে লাগিয়ে আরও সামনে এগোতে চায় আফগানিস্তান। চাইলে তাই আফগানিস্তান থেকে শিক্ষা নিতে পারে বাফুফে!