আফসোসে পুড়ছেন মামুনুলরা
পরশু মামুনুল ইসলামের রাতটা কেটেছে নির্ঘুম। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে জর্ডানের কাছে ৪-০ গোলে হারটা মেনে নিতে কষ্টই হয়েছে বাংলাদেশ দলের অধিনায়কের। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৭৩) চেয়ে ৮২ ধাপ এগিয়ে জর্ডান (৯৩), র্যাঙ্কিংয়ে বিশাল ব্যবধান। ম্যাচের আগে মধ্যপ্রাচ্যের শক্তিশালী ফুটবলধারার প্রতিনিধি দেশটিই ছিল এগিয়ে। কিন্তু মাঠে নেমে জর্ডানকে অতটা ভয়ংকর মনে হয়নি। অন্তত পাঁচটি সহজ সুযোগ নষ্ট হওয়ায় তাই আফসোসে পুড়ছেন বাংলাদেশের ফুটবলাররা।
গোলের সহজতম সুযোগটি নষ্ট করা ফরোয়ার্ড জুয়েল রানার দুঃখ একটু বেশিই। ঝিনাইদহের তরুণ কাল ভোরের গাড়িতে বাড়ি গেছেন। বাস থেকে নামতেই ছেঁকে ধরল বন্ধুরা, ‘এমন সহজ গোলটা করতে পারলি না!’ জুয়েল কোনো উত্তরই দিতে পারেননি। তাড়াহুড়ো করতে গিয়েই কি অমনটা হলো? জুয়েল অবশ্য তা মনে করেন না, ‘আমি মোটেও তাড়াহুড়ো করিনি। নার্ভাসও ছিলাম না। আসলে বলটা এসে গিয়েছিল আমার বাঁ পায়ে। ডান পায়ে থাকলে শতভাগ নিশ্চিত, গোল হতো।’

ম্যাচের আগে মধ্যপ্রাচ্যের শক্তিশালী ফুটবলধারার প্রতিনিধি দেশটিই ছিল এগিয়ে। কিন্তু মাঠে নেমে জর্ডানকে অতটা ভয়ংকর মনে হয়নি। অন্তত পাঁচটি সহজ সুযোগ নষ্ট হওয়ায় তাই আফসোসে পুড়ছেন বাংলাদেশের ফুটবলাররা
জর্ডান যে অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষ ছিল না তা খানিক পরই বুঝে গিয়েছিলেন মামুনুল, ‘মাঠে নেমেই আমরা বুঝেছিলাম জর্ডান আহামরি দল নয়। আমরা যদি এরপর ওদের সঙ্গে আরও ৪টি ম্যাচ খেলি তাহলে অন্তত একটায় ড্র করব, একটায় জিতব।’ গোলের সুযোগ হাতছাড়া হওয়ায় আফসোসে পুড়ছেন মামুনুল, ‘এতগুলো সহজ সুযোগ নষ্ট করেছি আমরা, এটা ভাবতেই খুব কষ্ট হচ্ছে। আবার কবে জর্ডানের সঙ্গে খেলব, কবে এমন সুবর্ণ সুযোগ আসবে সেটা জানি না। এ জন্যই বেশি খারাপ লাগছে।’
রক্ষণের ভুলে গোলগুলো হজম করতে হয়েছে বাংলাদেশকে। ডেঙ্গু জ্বরের প্রভাবে ডিফেন্ডার নাসির উদ্দিন চৌধুরী দলের বাইরে। নাসিরের অভাবটা এই ম্যাচে ভালোই অনুভব করেছেন মামুনুল, ‘আমাদের রক্ষণভাগ খুবই নড়বড়ে ছিল। নাসির থাকলে হয়তো এভাবে আমরা গোলগুলো হজম করতাম না। ওর অভাব আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি।’
ম্যাচের আগের দিন অনুশীলনে চোট পাওয়ায় গোলরক্ষক শহীদুল আলম সোহেলও এই ম্যাচে ছিলেন দর্শক। তাঁর বদলে খেলা রাসেল মাহমুদ লিটনও এমন হার মেনে নিতে পারছেন না, ‘যেভাবে এই ম্যাচে খেলেছি, তাতে হারটা আমার কাছে অপ্রত্যাশিত।’ জানালেন, জর্ডান ম্যাচের আগে কোচ তাঁকে আলাদাভাবে পরামর্শ দিয়েছিলেন, ‘কোচ বলেছিলেন মাঠে তোমার কাছে প্রচুর বল আসবে। সাবধানে থাকবে। আমিও প্রস্তুতই ছিলাম। কিন্তু কী থেকে যে কী হয়ে গেল!’ ড্র হলেই সান্ত্বনা পেতেন লিটন, ‘ওদের তুলনায় আমরাই কিন্তু ভালো খেলেছি। একসময় তো আমার মনে হয়েছে এই ম্যাচে পয়েন্ট হারাচ্ছি না আমরা। সব সময় আমি আত্মবিশ্বাসী ছিলাম। কিন্তু একটা পেনাল্টিতেই সব শেষ হয়ে গেল। একটু একটু করে পিছিয়ে পড়লাম।’
ডিফেন্ডার আশরাফ মাহমুদ লিংকন হারের জন্য দুষেছেন ক্লান্তিকে, ‘এভাবে হেরে ডিফেন্ডার হিসেবে খারাপ লাগছে আমার। আমাদের নিয়ে সমালোচনা হচ্ছে বেশি। কিন্তু আমরা যারা শেখ জামালে খেলছি, তারা টানা ১২ মাস অনুশীলনের মধ্যে আছি। এরপর কোচ আবারও যেভাবে অনুশীলন করিয়েছেন সেটা আমাদের জন্য অতিরিক্ত চাপ হয়ে গেছে। আমরা ক্লান্ত হয়ে পড়েছি। আমাদের শরীর চাপ নেওয়ার মতো অবস্থায় ছিল না। আমাদের মন চাইলেও শরীর যেতে চাইছিল না সামনে।’
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ আগামী ১৩ অক্টোবর। কিরগিজস্তানের সঙ্গে ম্যাচটি খেলতে হবে বিশকেকে গিয়ে। আপাতত ওই ম্যাচের দিকেই তাকিয়ে বাংলাদেশ দল। তবে বিশকেক-যাত্রার আগে ‘জর্ডান-দুঃস্বপ্নটাই’ ভুলতে চাইছেন ফুটবলাররা।