আফ্রিকা থেকে আরও একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিশেল প্লাতিনির ফিফা সভাপতি পদে প্রার্থিতা ঘোষণাটাই সলতেয় আগুন ধরিয়ে দিয়েছে। প্লাতিনির পর দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী চুং মুন-জুন, ব্রাজিলের জিকো সামনের নির্বাচনে প্রার্থী হচ্ছেন বলে জানিয়ে দিয়েছেন। কাল শোনা গেল, দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী ও রাজনীতিবিদ টোকিও সেক্সওয়েলও প্লাতিনিদের প্রতিন্দ্বন্দ্বী হবেন বলে ভাবছেন।
এমনিতে সেক্সওয়েল ফুটবলজগতের বিখ্যাত কেউ নন। ৬২ বছর বয়সী এই ব্যবসায়ী একসময় দক্ষিণ আফ্রিকার মন্ত্রীও ছিলেন। তবে তাঁর সভাপতি হতে চাওয়াটা খবর হয়েছে অন্য কারণে। প্রয়াত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার ঘনিষ্ঠ ছিলেন সেক্সওয়েল। রোবেন দ্বীপে দুজন ১৩ বছর একসঙ্গে কারাবন্দী ছিলেন। রোবেন দ্বীপের বন্দীদের নিয়ে গড়া ফুটবল দল মাকানা এফএর প্রতিষ্ঠাতাদের একজন তিনি। অবশ্য আফ্রিকা থেকে শুধু সেক্সওয়েলই নন, এর আগে লাইবেরিয়ার ফুটবল ফেডারেশন সভাপতি মুসা বিলিতিও সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
তবে আফ্রিকাজুড়েই সেক্সওয়েলের ভাবমূর্তি অনেক উজ্জ্বল। নিজ মহাদেশের সমর্থন পেলে কে জানে, হয়তো অভাবনীয় কিছুও করে ফেলতে পারেন! রয়টার্স।