আফ্রিকান ‘সামান’দের অভিশাপেই চ্যাম্পিয়নস লিগ জেতেননি গার্দিওলা?
পেপ গার্দিওলারও কি এখন মনে হচ্ছে, কেন ইয়াইয়া তোরে কিংবা তাঁর মুখপাত্র দিমিত্রি সেলুকের সঙ্গে বাদানুবাদে জড়ালেন! দিমিত্রি সেলুকের কথা বিশ্বাস করলে, সে কারণেই এখন চ্যাম্পিয়নস লিগ জেতা হচ্ছে না গার্দিওলার!
গত পরশু পোর্তোর দ্রাগাও স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চেলসির কাছে ১-০ গোলে হেরে গেছে গার্দিওলার ম্যানচেস্টার সিটি। ২০১১ সালে বার্সেলোনার হয়ে তাঁর দ্বিতীয় ও সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জেতার ১০ বছর পর কোনো দলকে নিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছিলেন গার্দিওলা, কিন্তু বার্সেলোনার বাইরে কোনো ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার অপেক্ষা আর ঘুচল না।
সেটির পেছনে গার্দিওলার কৌশলের ভুলের কথা বলছেন অনেকে, কিন্তু গতকাল থেকে আলোচনায় ‘আফ্রিকান সামান’দের অভিশাপের কথা!
অভিশাপের কথা আসছে ইয়াইয়া তোরের এজেন্ট দিমিত্রি সেলুকের একটা কথার সূত্র ধরে। কথাটা সেলুক বলেছিলেন ২০১৮ সালে। কথাটা ছিল অনেকটা এ রকম, আফ্রিকান সামানরা গার্দিওলাকে কখনো চ্যাম্পিয়নস লিগ জিততে দেবেন না। পরশু ফাইনালে উঠেও গার্দিওলার দলের হারের পর সেলুকের ওই কথা আবার উঠে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায়।
স্প্যানিশ দৈনিক মার্কা এ নিয়ে প্রতিবেদন লিখেছে। যেখানে ২০১৮ চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে লিওঁর কাছে হারের পর সেলুক যা বলেছিলেন, তা তুলে ধরা আছে। সিটিতে গার্দিওলার সঙ্গে মেলেনি ইয়াইয়া তোরের। এ নিয়ে অনেক আলোচনা-বিতর্ক হয়েছে তখন। ২০১৮ সালে তোরে সিটি ছেড়ে যান। কিন্তু গার্দিওলার ওপর ক্ষোভ যায়নি তোরে কিংবা তাঁর এজেন্ট সেলুকের।
২০১৮ সালে সেলুক এ নিয়ে বলেছিলেন, ‘গার্দিওলা পুরো আফ্রিকাকে তাঁর বিরুদ্ধে নিয়ে গেছেন। অনেক আফ্রিকানই ম্যানচেস্টার সিটি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আর আমি নিশ্চিত অনেক আফ্রিকান সামানই ভবিষ্যতে গার্দিওলাকে চ্যাম্পিয়নস লিগ জিততে দেবেন না।’
আফ্রিকান সামানদের জড়িয়ে আফ্রিকায় একটা ধর্মীয় বিশ্বাস আছে। বিশ্বাসটা এই, সামানরা অশরীরী শক্তিকে চাইলে ভালো বা খারাপ কাজে ব্যবহার করতে পারেন।
সেটিই গার্দিওলার জন্য অশুভ শক্তি হয়ে কাজ করছে বলে জানিয়েছিলেন সেলুক, ‘গার্দিওলার জন্য এটা হবে আফ্রিকান অভিশাপ। জীবন একটা সময় গিয়ে দেখাবে আমি ঠিক নাকি ভুল বলছি। গার্দিওলা যে ম্যানচেস্টার সিটিতে ইয়াইয়ার ক্যারিয়ার শেষ করে দিলেন, সেটা কোনো ভুল থেকে হয়নি। সেটা ছিল একটা অপরাধ। কিন্তু এটা বুমেরাং হয়ে ফেরত আসবে, পেপ! আপনি দেখবেন আফ্রিকান সামানরা কী করতে পারেন! মনে রাখবেন।’
এরপর থেকে গার্দিওলার সিটি চ্যাম্পিয়নস লিগে ব্যর্থ হলেই সেলুকের মন্তব্যগুলো ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে সিটি হেরে গিয়েছিল লিওঁর কাছে। এরপরও কথাগুলো ছড়িয়েছিল।
সেবার অবশ্য এর পেছনে কারণও ছিল। সেলুক নিজে টুইটারে একটা ছবি পোস্ট করেছিলেন লিওঁর কাছে সিটির হারের পর। যে ছবিতে দেখা যায়, আফ্রিকান এক সামান একটা পুতুলে অভিশাপ দিচ্ছেন, সে অভিশাপ লাগছে গার্দিওলার গায়ে। যদিও তখন সেলুকের সেই ছবির সমালোচনা হয়েছিল অনেক। বর্ণবাদের অভিযোগ উঠেছিল। এর পাশাপাশি অনেক সিটি–সমর্থক তোরের নাম এভাবে খারাপ না করতে পরামর্শ দিয়েছিলেন সেলুককে। সিটির সৌজন্যেই যে এক সময় তাঁর পকেট ভারি হয়েছিল, সেটিও মনে করিয়ে দেন অনেকে।
তোরের সঙ্গে গার্দিওলার পরিচয় সেই বার্সেলোনা থেকে। সেখানেও অবশ্য নিয়মিত ছিলেন না তোরে। আইভরি কোস্ট তারকা তখন খেলতেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে, সে জায়গায় সের্হিও বুসকেতসকেরই দাপট ছিল। তবে ২০০৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দলের অনেকের চোটের কারণে তোরেকে সেন্টারব্যাক হিসেবে খেলান গার্দিওলা, ক্রিস্টিয়ানো রোনালদোদের ম্যানচেস্টার ইউনাইটেডকে সে ম্যাচে ২-০ গোলে হারায় বার্সা। এরপর ২০১০ সালে সিটিতে যান তোরে।
সিটিতে অবশ্য অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেই খেলতেন তোরে, ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়টাও তাঁর কেটেছে সেখানে। কিন্তু ২০১৬ সালে গার্দিওলা সিটির কোচ হওয়ার পর আবার ঝামেলার শুরু।
তত দিনে তোরের বয়স হয়ে গেছে ৩৩, গার্দিওলা তাই প্রথম মৌসুমে তোরেকে বেশ নিয়মিত খেলালেও পরে আর সেভাবে খেলাননি। ২০১৮ সালে সিটি ছেড়ে অলিম্পিয়াকোসে যান তোরে। সেখানে এক বছর থেকেছেন, এখন তিনি খেলেন চীনের সুপার লিগের দল কুইংদাও হুয়াংহাইয়ে।
তোরে সিটিতে থাকার সময়ই সেলুকের সঙ্গে বেশ কয়েকবার লেগেছিল গার্দিওলার। তোরেকে গার্দিওলা কেন নিয়মিত খেলাচ্ছেন না, এ নিয়ে সমালোচনায় আফ্রিকানদের প্রতি গার্দিওলার বিরাগের অভিযোগ তোলেন সেলুক। বর্ণবাদের অভিযোগও আনেন। তাঁর সঙ্গে গার্দিওলার ঝামেলা এতটাই বেড়েছিল যে গার্দিওলা একবার বলেছিলেন, সেলুক তাঁর মন্তব্যের জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত তিনি তোরেকে খেলাবেন না।
সিটি ছাড়ার পর অবশ্য তোরে নিজেও অভিযোগ করেন, আফ্রিকানদের পছন্দ করেন না গার্দিওলা। এরপর স্পোর্ত ২৪-এর সঙ্গে সাক্ষাৎকারে একবার সেলুক বলেছিলেন, ফিফার উচিত গার্দিওলাকে নিষিদ্ধ করা। কুকুরের সঙ্গে তুলনা টেনে সেলুক তখন বলেছিলেন, ‘গার্দিওলাকে আসলে কুকুরও বলতে পারছি না। কারণ কুকুর খুব ভালো একটা প্রাণী, মানুষের সবচেয়ে ভালো বন্ধু। কিন্তু গার্দিওলার যা স্বভাব, তাতে তাঁকে মানুষের সবচেয়ে খারাপ শত্রু বলতে হয়!’