আফ্রিকানরা খেলবে না জাতীয় ফুটবল দলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দলে জায়গা হচ্ছে না তিন আফ্রিকানের ছবি: প্রথম আলো
জাতীয় দলে জায়গা হচ্ছে না তিন আফ্রিকানের ছবি: প্রথম আলো

‘ভাড়াটে দিয়ে যুদ্ধ জয়ে’র নীতি থেকে সরে এসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশের ঘরোয়া লিগে দীর্ঘ দিন ধরে খেলা তিন আফ্রিকান ফুটবলারকে নাগরিকত্ব দিয়ে জাতীয় ফুটবল দলে খেলানোর যে সিদ্ধান্ত বাফুফে নিয়েছিল, সেটা আপাতত বাস্তবায়িত হচ্ছে না বলেই জানা গেছে।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম মঙ্গলবার জানিয়েছেন, ব্যাপারটির বিপক্ষে ব্যাপক জনমত গড়ে ওঠায় আপাতত নাইজেরিয়া, ঘানা ও গিনির তিন ফুটবলারকে নাগরিকত্ব দেওয়ার পথে হাঁটছে না দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
এর আগে, ঘানার সামাদ ইউসুফ, গিনির ইসমাঈল বাঙ্গুরা ও নাইজেরিয়ার কিংসলে শিগোজিকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে জাতীয় দলের জার্সি দেওয়ার ব্যাপারে অনেকদূরই এগিয়ে গিয়েছিল বাফুফে। আনুষঙ্গিক সকল প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত কাগজপত্র জমা দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করা হলে কাগজপত্র জমা না দিয়েই ফেরেন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা।
বিদেশিদের জাতীয় দলে নিলে স্থানীয় খেলোয়াড়দের ওপর এর একটা নেতিবাচক প্রভাব পড়বে বলে বাফুফের এমন সিদ্ধান্তে বিরোধিতা করে আসছিলেন ফুটবল-সংশ্লিষ্ট অনেকেই। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এমন বিরোধিতা উড়িয়ে দিয়ে বলেছিলেন বিদেশিদের নাগরিকত্ব দিয়ে জাতীয় দলে খেলালে লোকসানের কোনো সুযোগ নেই। তিনি ব্যাপারটি স্থানীয়দের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি করবে বলেও মতামত ব্যক্ত করেছিলেন।
এখানে উল্লেখ্য, ফিফার নিয়ম মেনেই বাফুফে দেশের ঘরোয়া ফুটবলে দীর্ঘ দিন ধরে খেলা তিন আফ্রিকান ফুটবলারকে নাগরিকত্ব দিয়ে জাতীয় দলে খেলানো কথা ভাবছিল। বিশ্ব ফুটবল সংস্থার নিয়মানুযায়ী কোনো ফুটবলার নির্দিষ্ট একটি দেশে পাঁচ বছর খেললেই সেই দেশের নাগরিকত্ব পাওয়া ও জাতীয় দলের খেলার যোগ্যতা অর্জন করেন। সামাদ ইউসুফ, ইসমাঈল বাঙ্গুরা ও কিংসলে শিগোজিদের নাগরিকত্ব দিয়ে বাংলাদেশ দলে খেলানো ব্যাপারে ইতিবাচক মনোভাব ছিল জাতীয় দলেন ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফেরও।