আফ্রিকার সেরা ক্যামেরুন

ক্যামেরুনের ফুটবল শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ১৯৯০ বিশ্বকাপ। ভেসে ওঠে রজার মিলার সেই বিখ্যাত নাচ। সম্ভবত বিশ্বকাপে দর্শকদের মন জয় করা প্রথম আফ্রিকান দল ক্যামেরুন।
সেসব এখন সোনালি অতীত। বিশ্ব পর্যায়ে সাফল্য দূরের কথা, পরশুর আগে আফ্রিকান নেশনস কাপেই ক্যামেরুনের সর্বশেষ শিরোপা জয় ২০০২ সালে। মিসরের বিপক্ষে ফাইনাল খেলেও হারতে হয়েছিল ২০০৮ সালে। কী কাকতাল, সেই মিসরকেই পরশু ২-১ গোলে হারিয়ে ১৫ বছর পর আফ্রিকান নেশনস কাপ জয়ের স্বাদ পেল ক্যামেরুন। পঞ্চমবারের মতো হলো আফ্রিকার সেরা।
২০০৮ নেশনস কাপের ফাইনালে মিসরের কাছে ১-০ গোলের হারটা ভীষণ কষ্ট দিয়েছিল ক্যামেরুনের ওই দলের সবচেয়ে বড় তারকা স্যামুয়েল ইতোকে। সেই ইতো পরশু ছিলেন গ্যাবনের লিব্রেভিল স্টেডিয়ামে। ভিআইপি গ্যালারিতে বসে নিজের দলকে জিততে দেখে আনন্দে টুইট করেছেন, ‘আফ্রিকার চ্যাম্পিয়ন। আজ আফ্রিকার সেরা, আগামী দিনের কনফেডারেশনস কাপজয়ী!’ আফ্রিকার চ্যাম্পিয়ন হিসেবেই এ বছর জুনে রাশিয়ায় হতে যাওয়া কনফেডারেশনস কাপে খেলবে ক্যামেরুন।
ক্যামেরুনের জয়ের বাড়তি আনন্দ আরও একটি কারণে। মোহামেদ এলনেনির গোলে ২২ মিনিটেই এগিয়ে গিয়েছিল নেশনস কাপে সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন মিসর। পিছিয়ে পড়া ক্যামেরুনকে ৫৯তম মিনিটে সমতায় ফেরান নিকোলাস এনকলু। খেলা শেষ হওয়ার মিনিট দুয়েক আগে ক্যামেরুনের জয়সূচক গোলটা করেন ভিনসেন্ট আবুবকর।
অথচ টুর্নামেন্ট শুরুর আগে দল গড়তেই হিমশিম খাচ্ছিলেন ক্যামেরুনের বেলজিয়ান কোচ হুগো ব্রোস। লিভারপুলের জোয়েল মাতিপ, শালকের এরিক চোপো-মোতিংসহ আটজন সিনিয়র খেলোয়াড় জানিয়ে দেন, তাঁরা জাতীয় দলে খেলবেন না। একেবারে তরুণ খেলোয়াড়দের নিয়েই দল গড়েছিলেন ব্রোস। টুর্নামেন্ট শুরুর আগে তাই ক্যামেরুনকে গোনায় ধরেননি অনেকেই। সেই ক্যামেরুন স্বাগতিক গ্যাবন, সেনেগাল ও ঘানার মতো দলকে বিদায় করে দিয়ে উঠে এসেছিল ফাইনালে। তারপর মিসরকে হারিয়ে নিয়েছে মধুর প্রতিশোধ। এর আগে ১৯৮৬ ফাইনালেও মিসরের কাছে হেরে গিয়েছিল ক্যামেরুন।
পুরো টুর্নামেন্টেই কোচ ব্রোসের কৌশল প্রশংসিত হয়েছে। ফাইনালেও পিছিয়ে পড়া ক্যামেরুনের হয়ে দুটি গোল করেছেন দুই বদলি খেলোয়াড়। সব মিলিয়ে বেলজিয়ান কোচকে নিয়ে মুগ্ধ দলের ডিফেন্ডার মাইকেল এনগাদিও, ‘তিনি আসলে জাদুকর। পুরো দলটা তাঁর অধীনে নতুন করে জন্ম নিয়েছে। তিনি আমাদের আনন্দের সঙ্গে খেলতে শিখিয়েছেন।’
যাঁকে নিয়ে এত কথা, সেই ব্রোস অবশ্য সব কৃতিত্ব দিলেন তাঁর খেলোয়াড়দের, ‘এটা ওদের পরিশ্রমের ফসল। এটা শুধু ফুটবল খেলোয়াড়দের দল নয়, এখানে সবাই খুব ভালো বন্ধু।’ এএফপি, রয়টার্স
রোল অব অনার
সর্বশেষ ১০ আসর
চ্যাম্পিয়ন রানার্সআপ
২০১৭ ক্যামেরুন মিসর
২০১৫ আইভরিকোস্ট ঘানা
২০১৩ নাইজেরিয়া বুরকিনা ফাসো
২০১২ জাম্বিয়া আইভরিকোস্ট
২০১০ মিসর ঘানা
২০০৮ মিসর ক্যামেরুন
২০০৬ মিসর আইভরিকোস্ট
২০০৪ তিউনিসিয়া মরক্কো
২০০২ ক্যামেরুন সেনেগাল
২০০০ ক্যামেরুন নাইজেরিয়া