আবর্জনা থেকে রোনালদোদের জার্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই বিশেষ জার্সি পরে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। ছবি: টুইটার
এই বিশেষ জার্সি পরে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। ছবি: টুইটার

নিজের নামে একটা ব্র্যান্ডই আছে ক্রিস্টিয়ানো রোনালদোর। সে ব্র্যান্ডের পোশাক, জুতা আর সুরভিও বিকোয় ভালো। রিয়াল মাদ্রিদ তারকার অন্তত আবর্জনা গায়ে মাখানোর কোনো দরকার নেই। কিন্তু সেটাই করতে যাচ্ছেন রোনালদো, শুধু তিনি নন রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ সব খেলোয়াড়ই গায়ে চাপাতে যাচ্ছেন আবর্জনার জার্সি। উদ্দেশ্য একটাই, পৃথিবীটাকে বাঁচাতে হবে! 

অ্যাডিডাস, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ মিলে মহৎ এক উদ্যোগ নিয়েছে। সাগরে ভেসে থাকা প্লাস্টিকের আবর্জনা নিয়ে অনেক দিন ধরেই পরিবেশবাদীরা সচেতনতা গড়ে তোলার চেষ্টা করছেন। মানুষের ফেলে দেওয়া এই বোতলগুলো সমুদ্রের প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে ফেলে দিয়েছে। টনকে টন বোতল পরিষ্কার করার ছবিও প্রায়ই দেখা যায়।
এবার অ্যাডিডাস নিয়েছে দারুণ এক উদ্যোগ। এই ফেলে দেওয়া বোতলগুলো থেকেই তৈরি করেছে বিশেষ এক জার্সি। মালদ্বীপের আশপাশের উপকূল থেকে এই আবর্জনা জোগাড় করে এই জার্সি তৈরি করছে এই জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান। একটি জার্সি বানাতে ২৮টির মতো প্লাস্টিক বোতল প্রয়োজন পড়ে বলে জানা গেছে। এই জার্সির নাম দেওয়া হয়েছে পারলে। পারলে দিয়েই সমুদ্রে পরিবেশ দূষণ রোধের আন্দোলনে শামিল হতে চেয়েছে বিশ্বের অন্যতম দুই ক্লাব।
রিয়াল ও বায়ার্ন সে জার্সি পরেই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে। সে জার্সি পরে বায়ার্নের মিডফিল্ডার জাভি আলোনসোসহ আরও কয়েকজন তারকা টুইটারে ছবি দিয়েছেন। জানিয়েছেন কতটা গর্বিত এ উদ্যোগের অংশ হতে পেরে, ‘অ্যাডিডাসের এ যাত্রার অংশ হতে পেরে গর্বিত। অ্যাডিডাসের পারলে-কিট প্রথমবারের মতো মাঠে পরার সুযোগ পাচ্ছি আমরা। সাগরের আবর্জনা থেকে প্রস্তুতকৃত জার্সি পরার ব্যাপারে আমি খুশি। সাগরকে দূষণ থেকে রক্ষা করার ব্যাপারে জনসচেতনতা বাড়াতে এটা ভালো উদ্যোগ।’
২৬ নভেম্বর স্পোর্টিং গিজনের বিপক্ষে রিয়াল মাদ্রিদ এই বিশেষ জার্সি পরে মাঠে নামবে। দলের সহ অধিনায়ক মার্সেলো এ জার্সি পরে মাঠে নামতে মুখিয়ে আছেন, ‘এই প্রজেক্টের অংশ হতে পারা অসাধারণ। আর আমি যে ক্লাবকে ভালোবাসি, তারা সাগরকে দূষণমুক্ত রাখতে চেষ্টা করছে এটাও একটা দারুণ ব্যাপার।’