আবার আলোচনায় ডি ক্রুইফ!

নির্বাচনের আগে কাজী সালাউদ্দিন একদিন বলছিলেন, ‘আমার মনে হয়, ডি ক্রুইফকেই আবার ফিরিয়ে আনতে হবে।’ ফিরিয়ে আনতে চাওয়ার ব্যাখ্যাও দেন এভাবে-ডাচ কোচ বাংলাদেশের ফুটবলারদের ভালো জানেন। দ্রুতই ভালো কিছু পেতে হলে তাই তাঁকেই দরকার।
সেই ক্ষেত্রও তৈরি হয়ে আছে। আগামী ২ ও ৭ জুন ২০১৯ এশিয়া কাপের প্লে-অফ পর্বে তাজিকিস্তানের সঙ্গে বড় পরীক্ষা। তাতে জিতলে এশিয়া কাপের বাছাইপর্বে ঢোকা যাবে। ব্যর্থ হলেও শেষ সুযোগ হিসেবে ভুটানের সঙ্গে দুটি ম্যাচ পাবে বাংলাদেশ। ভুটানের কাছে হারলে আগামী এশিয়া কাপ পর্যন্ত বাংলাদেশ আর আন্তর্জাতিক ম্যাচ পাবে না। এ কারণেই সময়টা খুব গুরুত্বপূর্ণ।
সেটা উপলব্ধি করে সালাউদ্দিন কাল বলছিলেন, ‘জরুরি ভিত্তিতে আমাদের এখন বিদেশি কোচ প্রয়োজন। কোচ হিসেবে ডি ক্রুইফকে আমি আনতে চাইছি।’ তাহলে দেরি কেন? খোঁজ নিয়ে জানা গেল, এত দিন সালাউদ্দিনকে দিনে কয়েকবার নাকি ফোন করে আসার আগ্রহ জানাতেন ডি ক্রুইফ। সবুজ সংকেত দেওয়ার পর তিনি নাকি কিছুটা ঘুরে গেছেন। পরশু বাফুফের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বলেছেন, ‘আচ্ছা, দেখি।’
একটি সূত্রের খবর, ডি ক্রুইফ এখন দর-কষাকষি করতে চাইছেন। আসলে লম্বা সময়ের জন্য আসতে চান। এ কারণে বাফুফে এখন ডি ক্রুইফকে আনার সম্ভাবনাটা দেখছে ৫০-৫০। ডি ক্রুইফ না হলে দু-এক দিনের মধ্যেই নতুন কোচ খোঁজা হবে।
২০১৩ সালের গোড়ায় বাংলাদেশে আসার পর থেকে ক্রুইফকে নিয়ে নাটক হয়েছে অনেক। বেতন ঠিকমতো পান না অভিযোগ করে বাফুফেকে বারবার কাঠগড়ায় তোলেন। তাঁকে একবার বিদায় দিয়ে আবার ফিরিয়ে আনা হয়। গত বছরের শেষ দিকে হঠাৎ আবার তাঁকে বিদায় দিয়ে ফের আলোচনায় আসে বাফুফে। এখন আবার তাঁকে ফেরানোর উদ্যোগ নিয়ে বাফুফে বোঝাচ্ছে, রাজনীতির মতো কোচ নিয়োগেও শেষ কথা বলে কিছু নেই!
শেষ পর্যন্ত যা-ই হোক, দ্রুত কোচ নিয়োগ দেওয়ার ইচ্ছা সালাউদ্দিনের। হাতে যে সময় নেই। ১০-১১ মের মধ্যে জাতীয় দলের ক্যাম্প শুরু করার পরিকল্পনা তাঁর। সালাউদ্দিন চান, জাতীয় দলকে যতটা সম্ভব তৈরি করে তাজিকিস্তানের বিপক্ষে ম্যাচ দুটি খেলতে। এ জন্য লিগ কিছুদিন পিছিয়েও যেতে পারে।
ক্লাবগুলোকে রাজি করানোর প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। আর লিগ নিয়ে চলছে চিরন্তন সেই আলোচনা। সালাউদ্দিন যেমন বলছিলেন, ‘এবার লিগটা ঢাকার বাইরে অন্তত পাঁচটা ভেন্যুতে করব। ফুটবল বিকেন্দ্রীকরণ ছাড়া গতি নেই। এবার অনেক কঠোর হব।’