আবার ইব্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুখের ঘরে দুঃখের হানা একেই বলে! ফ্রেঞ্চ কাপে অসাধারণ এক হ্যাটট্রিক করার ঠিক পরদিনই দুঃসংবাদ শুনতে হচ্ছে ইব্রাহিমোভিচকে। প্যারিস সেন্ট-জার্মেইর সুইডিশ স্ট্রাইকার এবার ফেঁসে যাচ্ছেন ফ্রান্সবিরোধী মন্তব্যের জন্য। পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার। গতকাল রাতেই শুনানি হওয়ার কথা। গত মাসে বোর্দোর বিপক্ষে ম্যাচের পরই খেপেছিলেন ইব্রা। তাঁর ২ গোলের পরও ম্যাচটা হেরে যায় পিএসজি। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় টানেলে টেলিভিশন ক্যামেরার সামনেই রেফারিদের মৌখিক আক্রমণ করে বসেন ইব্রা। গালিগালাজ করেন ফরাসিদেরও। ইব্রাকে বলতে শোনা যায়, ‘আমি ১৫ বছরের ক্যারিয়ারে এমন রেফারিং দেখিনি। এই পচা দেশে পিএসজির মতো ক্লাব থাকতে পারে না।’ ক্রীড়াঙ্গন তো বটেই তখন ঝড় ওঠে ফ্রান্সের রাজনৈতিক অঙ্গনেও। পরে অবশ্য ক্ষমা চেয়েছিলেন ইব্রা। কিন্তু তাতে চিড়ে ভেজেনি। এএফপি।