আবার কোচ ছাঁটাই শেখ জামালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মাঠের পারফরম্যান্সে ধারাবাহিকতা নেই। তবে কোচ ছাঁটাইয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে ক্লাবটি। অবশেষে সুইডিশ কোচ স্টিফান হ্যানসনকেও বিদায় দিয়েছে গত দুবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

খুব বেশি পেছনে তাকানোর দরকার নেই, চার মাস আগে প্রিমিয়ার লিগ শুরুর আগের দিন হঠাৎ শেখ জামাল বিদায় দেয় কোচ শফিকুল ইসলাম মানিককে। সাবেক কোচ জোসেফ আপুসিকে আনতে চেয়েও তাঁকে আনতে পারেনি। কারণ এএফসি কোচিং সনদ জালিয়াতির অভিযোগে তাঁকে নিষিদ্ধ করেছে এএফসি। বিকল্প হিসেবে লিগের প্রথম সাত ম্যাচ স্থানীয় কোচরা চালিয়ে নেন। অষ্টম ম্যাচে নিয়োগ পান স্টিফান হ্যানসন। তিনি টিকলেন মাত্র পাঁচ ম্যাচ। এক জয়, এক ড্রয়ের বিপরীতে তিন ম্যাচ হেরে চাকরি খোয়ালেন।

কাল গ্যালারিতে বসে খেলা দেখেছেন হ্যানসন। আজই তাঁর ঢাকা ছাড়ার কথা। ভারপ্রাপ্ত কোচ এক সপ্তাহ আগেই দলটিতে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ পাওয়া জোসিমউদ্দিন জোসি, যিনি মোহামেডানের কোচের পদ ছেড়েছেন কদিন আগে।