আবার চলছে মেসি-বন্দনা

টানা তিন বছরে তিনটি ফাইনালে হার। হতাশা ও দুঃখের বোঝাটা বেশি ভারী মনে হওয়াই তো স্বাভাবিক। সর্বশেষ, গত জুনে শতবার্ষিকী কোপা আমেরিকার ফাইনালে হারের পর লিওনেল মেসি সবাইকে চমকে দিয়ে অবসরের ঘোষণাই দিয়ে দিলেন। তবে পুরো দেশের আকুতি আর সাবেকদের আহ্বানে আবারও ফিরেছেন আকাশি-সাদা জার্সিতে। গত বৃহস্পতিবার আর্জেন্টিনার হয়ে আবারও মাঠে নেমেছেন মেসি। ফিরেই ত্রাতার ভূমিকায় তিনি, বিশ্বকাপ বাছাইপর্বে ১০ জনের দলে পরিণত হওয়া আর্জেন্টিনাকে গোল করে জিতিয়েছেন উরুগুয়ের বিপক্ষে।
আর্জেন্টাইন জাদুকরের এমন প্রত্যাবর্তনে আবেগে ভেসেছে আর্জেন্টিনা, অগণন দর্শক, ভক্ত; এমনকি প্রতিপক্ষ উরুগুয়েও! মেসির গোলেই বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচটি হেরেছে উরুগুয়ে, তবু কোচ অস্কার তাবারেজের কণ্ঠে শুধুই মেসি-স্তুতি, ‘আর্জেন্টিনার অনেক অসাধারণ খেলোয়াড় আছে। ফিফা র্যা ঙ্কিং অনুযায়ী তারাই বিশ্বের সেরা দল এবং আমিও তাই ভাবি। তাদের মেসির মতো একজন খেলোয়াড় আছে যে অন্য সবার চেয়ে এগিয়ে। আমরা জানতাম এটি কঠিন একটি ম্যাচ হবে, কিন্তু বাছাইপর্ব শেষ হতে এখনো অনেক বাকি।’
মেসি-বন্দনা এখানেই থামেনি তাবারেজের। তাঁর চোখে মেসির খেলা শুধু উপভোগই করা যায়, ‘এটি বলে বোঝানো অসম্ভব, সে এমন একজন খেলোয়াড় যাকে আপনি বর্ণনা করতে পারবেন না। আপনি শুধু তার খেলা দেখবেন, বিস্মিত হবেন আর সে যা-ই করে তাতে বিমুগ্ধ হয়ে থাকবেন।’
উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজের কণ্ঠেও তাঁর কোচের প্রতিধ্বনি, ‘মেসি ফেরাতে ফুটবলই লাভবান হলো, আমি খুশি, কারণ সে আমার বন্ধু এবং আমি জানি, আর্জেন্টিনার হয়ে খেলা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তবে আমি ফুটবলের জন্যও খুশি, মেসিকে ছাড়া বিশ্বকাপ ও কোপা আমেরিকা রং হারাত। বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতাগুলোয় বিশ্বসেরা খেলোয়াড়ের থাকা উচিত, এটা সবার জন্যই ভালো।’
বাছাইপর্বের ম্যাচটির ৯৯ শতাংশ আগ্রহ যদি মেসিকেন্দ্রিক হয়, তাহলে বাকি ১ শতাংশ পাওলো দিবালাকে নিয়ে। এই প্রথম আর্জেন্টিনার হয়ে শুরুতেই নেমেছিলেন আর্জেন্টিনার নতুন চমক দিবালা। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে উল্টো লাল কার্ড দেখে মাঠ ছেড়ে বেরিয়ে গেছেন কান্নাভেজা চোখে। কী অদ্ভুত, মেসিও যে আর্জেন্টিনার হয়ে অভিষেক ম্যাচে লাল কার্ড দেখেছিলেন! অভিষেক না হলেও প্রথম একাদশে অভিষেক তো দিবালারও হলো এদিন।
নিজের অভিষেকের দুঃসহ সেই স্মৃতি ভুলে মেসি এখন আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা। সাবেক অধিনায়ক হাভিয়ের মাচেরানো দিবালাকে এ ঘটনা থেকেই সাহস নিতে বলেছেন, ‘আমি তাকে বলেছি মেসির ক্ষেত্রেও এটা ঘটেছিল, দেখো পরে সে কী অর্জন করেছে!’ জুভেন্টাস ফরোয়ার্ডের মনে নিশ্চয়ই দাগ কেটেছে মাচেরানোর কথাটা। ডেইলি মেইল, গোল।