আবার জাতীয় দলের কোচ কোটান?
কোচের জীবনে শেষ কথা বলে বোধ হয় কিছু নেই। বাফুফের কাছ থেকে তাই আবার প্রস্তাব পাচ্ছেন জর্জ কোটান। রাজি হলে ভুটান বিপর্যয়ের পর জাতীয় দলের প্রথম কোচ হবেন এই অস্ট্রিয়ান। তাঁর ব্যাপারে গতকাল জাতীয় দল কমিটির সভায় ঐকমত্য হয়েছে।
সভাটা আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে যাতে এই ফাঁকে কোটানের সঙ্গে যোগাযোগ করা যায়। কোটান সম্মত হলে তাঁর হাতেই মার্চের বঙ্গবন্ধু কাপে জাতীয় দলের দায়িত্ব দিতে চায় কমিটি। কমিটির সদস্য বাফুফের সহসভাপতি বাদল রায় কাল বলেছেন, ‘আমরা কোটানকে কোচ করতে চাইছি, কারণ আপাতত তাঁর চেয়ে ভালো বিকল্প নেই।’
২০০৩ সালে ঢাকায় বাংলাদেশকে প্রথম সাফ ফুটবল জেতানো কোটান বিদায়ী মৌসুমে আবাহনীর কোচ হিসেবে ছিলেন সফল। ফেডারেশন কাপ ও লিগ জিতিয়েছেন আবাহনীকে। সে হিসেবে বাংলাদেশের বর্তমান খেলোয়াড়দের সবচেয়ে ভালো চেনেন। জাতীয় দল কমিটিও চাইছে লিগে কাজ করেছেন এমন কারও হাতে জাতীয় দল তুলে দিতে।
স্থানীয় কোচ সাইফুল বারী টিটুর কথা ভাবা হয়েছিল। কিন্তু সাইফুল চট্টগ্রাম আবাহনীর দায়িত্ব নিচ্ছেন। মারুফুল হকের ব্যাপারে ভিন্নমত আছে কমিটিতে। রহমতগঞ্জের কোচ কামাল বাবুর নাম আলোচনায় এলেও বেশি দূর এগোয়নি। লোডভিক ডি ক্রুইফকে নিয়ে জল্পনা-কল্পনা শোনা গেলেও বাংলাদেশের সাবেক ডাচ কোচের ব্যাপারে বাফুফের মনোভাব এখন নেতিবাচক।
বাদল রায়ের কথা, ‘বিস্তারিত আলোচনার পর কোটানের কথাই আমরা ভেবেছি, ভদ্রলোক আন্তরিক। বাংলাদেশের ফুটবলে তাঁর অবদান আছে। তা ছাড়া এত অল্প সময়ে অন্য বিদেশি কোচ এসে দল গোছাতে পারবে না।’ তবে এর আগে কেউ কেউ কোটানের কথা বললেও তা নাকচ করে দেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। অবশ্য জাতীয় দল কমিটি মনে করে, আপাতত বঙ্গবন্ধু কাপের জন্য কোটানের ব্যাপারে ‘না’ করবেন না সালাউদ্দিন।
তবে বড় প্রশ্ন, কোটান রাজি হবেন কি না। কারণ তিনি ফিফার সঙ্গে সম্পৃক্ত। আবাহনীকে সাফল্য দিয়ে সত্তরে পা দেওয়া এই কোচ যা বলেছেন, তাতে তাঁর ফেরার কথা নয়। গত ১৬ বছরে এ দেশের ফুটবলে উন্নতির বদলে অবনতি দেখে তিনি হতাশ ও বিরক্ত। তবে সভাসূত্রের খবর, জাতীয় দল কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদের বিশ্বাস, কোটান রাজি হবেন।
ওদিকে কাল বাফুফের জরুরি সভা ডেকে দুজন বিদেশি কোচের নিয়োগ ও মেয়াদ বাড়ানো হয়েছে। নিউজিল্যান্ডের গোলরক্ষক কোচ রায়ান স্যান্ডফোর্ডের মেয়াদ মার্চের বঙ্গবন্ধু গোল্ডকাপ পর্যন্ত বেড়েছে। আপাতত দুই মাসের নিয়োগ পাবেন নতুন আসা ফিটনেস ও কন্ডিশনিং কোচ জন হুইটেল।