আবার টাকার থলি নিয়ে নামছেন গার্দিওলা

>আগামী মৌসুমে বেশ কিছু নতুন মুখ দেখা যেতে পারে গার্দিওলার ম্যানচেস্টার সিটিতে
কিছুদিন আগেই সুখবর পেয়েছে ম্যানচেস্টার সিটি। লিভারপুলের কাছে এই মৌসুমে লিগ শিরোপা হারানো দলটা চ্যাম্পিয়নস লিগ থেকে দুই বছরের নিষেধাজ্ঞার শাস্তি মওকুফ করাতে পেরেছে। উয়েফার দেওয়া শাস্তি সর্বোচ্চ ক্রীড়া আদালত বাতিল করে দিয়েছে। ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলায় আর কোনো বাধা নেই সিটির।
সুখবর পেয়েই আগামী মৌসুমের পরিকল্পনা করা শুরু করে দিয়েছেন কোচ পেপ গার্দিওলা। কিছুদিন আগে এমনিতেই জার্মান উইঙ্গার লিরয় সানে ক্লাব ছেড়ে যোগ দিয়েছেন বায়ার্ন মিউনিখে। সানের অভাব পূরণ করার জন্য ভ্যালেন্সিয়া থেকে প্রতিশ্রুতিশীল স্প্যানিশ উইঙ্গার ফেরান তোরেসকে দলে আনার ব্যাপারে বেশ এগিয়ে গিয়েছে ম্যানচেস্টারের নীল দলটা। ২০ বছর এই উইঙ্গারের বর্তমান চুক্তি শেষ হবে ২০২১ সালের জুন মাসে। যে খেলোয়াড়ের চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর, তার জন্য বাড়াবাড়ি মাত্রায় খরচ করতে চাইছে না সিটি। যদিও তোরেসের বাইআউট ক্লজ ১০ কোটি ইউরো।
সিটি সাফ জানিয়ে দিয়েছে, সাড়ে তিন কোটির চেয়ে বেশি খরচ করার ইচ্ছা নেই তাঁদের। ওদিকে ভ্যালেন্সিয়ারও টাকা পয়সার দরকার বেশ। সব মিলিয়ে অনুমান করা হচ্ছে, আগামী মৌসুমেই হয়তো ভ্যালেন্সিয়ার সাদা-কমলা জার্সি ছেড়ে সিটির নীলে চলে আসবেন তোরেস।
জানা গেছে, সিটির সঙ্গে এমনিতেই ব্যক্তিগত চুক্তির ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছেন এই তারকা। এখন ভ্যালেন্সিয়ার সঙ্গে দলবদলের অংকে সমঝোতায় পৌঁছাতে পারলেই ফেরান হয়ে যাবেন গার্দিওলার নতুন শিষ্য।
সর্বোচ্চ ক্রীড়া আদালত নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় সিটির আর খরচ করায় সমস্যা নেই। ফলে ফেরান তোরেস ছাড়াও বেশ কিছু খেলোয়াড়ের দিকে নজর দিচ্ছেন গার্দিওলা। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার ডেভিড আলাবা, ইন্টার মিলানের ডিফেন্ডার মিলান স্ক্রিনিয়ার, নাপোলির ডিফেন্ডার কালিদু কুলিবালি, ইন্টারের স্ট্রাইকার লওতারো মার্তিনেজ।