আবার ঢাকার ফুটবলে ওয়েডসন

গত বছর নভেম্বরে ঢাকার ফুটবল ছেড়ে কলকাতায় পাড়ি জমিয়েছিলেন ওয়েডসন আনসেলমে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবে খেলা এই হাইতিয়ান ফরোয়ার্ড যোগ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের পরাশক্তি ইস্টবেঙ্গলে। তবে ইস্টবেঙ্গল ছেড়ে আবারও বাংলাদেশের ক্লাবে ফিরছেন ওয়েডসন। কাল ৫৫ লাখ টাকায় আগামী ছয় মাসের জন্য তাঁর সঙ্গে চুক্তি করেছে সাইফ স্পোর্টিং ক্লাব।
দলবদলের প্রথম পর্বের মেয়াদ শেষ হওয়ায় এ মুহূর্তে মাঠে নামানো হচ্ছে না ওয়েডসনকে। তবে সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় পর্বে তিনি ১১টি ম্যাচ খেলতে পারবেন। ওয়েডসনকে দলে নিয়ে উচ্ছ্বসিত সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী, ‘আমরা এমন একজন ফুটবলারকে খুঁজছিলাম, যে একাই দলের ফল বদলে দিতে পারে। গত মার্চে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে কলকাতা গিয়ে ওর সঙ্গে যোগাযোগ করি। ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ না হওয়ায় তখন তাকে নিতে পারিনি।’
আবার ঢাকায় ফিরতে পেরে খুশি ওয়েডসনও, ‘আসলে বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি। কারণ গত পাঁচ বছর আমি নিজের দেশের চেয়েও বেশি থেকেছি বাংলাদেশে। আমি শুধু টাকার জন্য এখানে আসিনি। এই দেশকে ভালোবাসি বলেই আবারও এখানে খেলতে এসেছি।’ শেখ জামালকে দুটি লিগ শিরোপা, ফেডারেশন কাপ, ভুটানের কিংস কাপ জেতানোয় বড় অবদান ছিল ওয়েডসনের।