আবার দেখা দুজনের...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার শুরু হচ্ছে গার্দিওলা-মরিনহো দ্বৈরথের ইংল্যান্ড-পর্ব l এএফপি
এবার শুরু হচ্ছে গার্দিওলা-মরিনহো দ্বৈরথের ইংল্যান্ড-পর্ব l এএফপি

‘শেষ হইয়াও হইল না শেষ।’ পেপ গার্দিওলা-হোসে মরিনহোর দ্বৈরথটা যেন ঠিক ছোটগল্প। দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের দুই কোচের যে চাপান-উতোর প্রায়ই সংবাদপত্রের শিরোনাম হতো, কে জানত চার বছর পর ম্যানচেস্টারে এসে সেটা এমনভাবে সঞ্জীবিত হবে? ম্যানচেস্টার ডার্বির উত্তাপ ছাড়িয়ে আজকের ম্যাচটা তো আসলে গার্দিওলা-মরিনহো দ্বৈরথের নতুন সূচনা হিসেবে পরিচিতি পাচ্ছে।
অথচ শুরুতে দুজন বন্ধুই ছিলেন। সেই নব্বইয়ের দশকে, যখন বার্সেলোনায় ববি রবসনের সহকারী ছিলেন মরিনহো, আর গার্দিওলা ছিলেন বার্সা অধিনায়ক। এরপর অনেক সময় পেরিয়ে গেছে, মরিনহো পোর্তো ও চেলসির কোচ হিসেবে নিয়ে জিতেছেন অনেক কিছুই। বার্সায় ফেরার একটা গোপন আশার প্রদীপ হয়তো জ্বালিয়ে রেখেছিলেন। কিন্তু ২০০৮ সালে সেটা নিভে গেল, আনকোরা গার্দিওলা হলেন নতুন কোচ। নিয়তিই বোধ হয় ঠিক করে রেখেছিল, মরিনহো আসবেন রিয়াল মাদ্রিদের ডাগআউটে। ২০০৯ সালে প্রথম দেখাতেই মরিনহোর রিয়ালকে ৫-০ গোলে উড়িয়ে দিল গার্দিওলার বার্সা। মাঠের বাইরে শুরু হলো দুই কোচের অদৃশ্য একটা যুদ্ধও।
সেই যুদ্ধে গার্দিওলা যেমন অনেকবার জিতেছেন, মরিনহোরও সুযোগ হয়েছে হাসার। সাফল্যের তুঙ্গে থেকেও ২০১২ সালে গার্দিওলা যখন বার্সা ছেড়ে যান, অনেকেরই ভুরু কুঁচকে গিয়েছিল। অবসাদ সেটির যেমন কারণ হতে পারে, মরিনহোর সঙ্গে দ্বৈরথ নিয়ে প্রচারমাধ্যমের অতিরিক্ত আগ্রহও একটা কারণ বলে মনে করেন লিভারপুলের সাবেক ডিফেন্ডার জেমি ক্যারাঘার। সেই দ্বৈরথের এবার অনুঘটক ইংলিশ প্রচারমাধ্যম, এ যেন ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে এসে পড়া!
দুজনের বৈপরীত্যও সেই আঁচে সব সময় হাওয়া দিয়েছে। গার্দিওলা টিকি-টাকার পূজারি, আর মরিনহো ‘আগে ঘর’ নীতিতেই এগিয়েছেন। গার্দিওলা খুব বাকপটু নন, আর মরিনহো চাঁছাছোলা ভাষার জন্য বিখ্যাত। স্পেনে গার্দিওলাকে কথার হুল ফোটাতে দ্বিধা করেননি, একবার তো গার্দিওলার সহকারী প্রয়াত টিটো ভিলানোভার চোখেও খোঁচা পর্যন্ত দিয়েছিলেন। গার্দিওলাও সংযম হারিয়ে বলে বসেছিলেন, ‘মাঠে মরিনহোর কাছ থেকে আমি শেখার চেষ্টা করি, কিন্তু মাঠের বাইরে যত দূর সম্ভব সেটা এড়িয়ে চলি।’ ইংল্যান্ডে দুজন ট্যাকটিকসের কারিকুরি দেখানোর পাশে কথারও যে লড়াই চালাবেন, সেটা মোটামুটি প্রত্যাশিতই ছিল। তার ওপর আগুনে ঘি ঢালার জন্য ইব্রাহিমোভিচ তো আছেনই। ইউনাইটেড স্ট্রাইকার দুজনের অধীনেই খেলেছেন। কিন্তু গার্দিওলার সঙ্গে সম্পর্কটা তাঁর তেতো হয়েই আছে, আত্মজীবনীতে বার্সার সাবেক কোচকে ‘কাপুরুষও’ বলেছিলেন। মরিনহোর জন্য ‘মরতে প্রস্তুত’ বলে যুদ্ধের আগে দামামাও বাজিয়ে দিয়েছেন।

তবে আসল লড়াই যাঁদের, সেই দুই কোচ কিন্তু সবাইকে হতাশ করেছেন। গার্দিওলা কাল বললেন ম্যাচের পরে মরিনহোর সঙ্গে বসে পান করতে তাঁর কোনোই আপত্তি নেই। মরিনহো পর্যন্ত বলেছেন, ‘আমি যদি শুধু ওকে নিয়ে পড়ে থাকি, আর ও আমাকে নিয়ে থাকে, তাহলে লিগটা অন্য কেউ জিতবে।’ সময়ের সঙ্গে সঙ্গে পুরোনো উত্তাপ অনেকটাই থিতিয়ে গেল?

উত্তরটা আজকের ম্যাচের জন্যই তোলা থাক। এএফপি।

                     গার্দিওলা  মরিনহো   ড্র

লা লিগা                ২         ১      ১

চ্যাম্পিয়নস লিগ        ৩         ১      ২

কোপা ডেল রে          ১         ১      ১    

উয়েফা সুপার কাপ      ০         ০      ১

স্প্যানিশ সুপার কাপ     ১         ০      ১

মোট                          ৭           ৩       ৬